২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড নিক্ষেপ, তিন জন ১৪ বছর দণ্ডিত

বাগেরহাটে গৃহবধূকে এসিড নিক্ষেপের মামলায় তিন জনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া এ মামলা তদন্তে তিন পুলিশ কর্মকর্তার গাফিলতির বিষয় তদন্তেরও নির্দেশ দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 05:09 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

রোববার বাগেরহাট এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় দেন।

এছাড়া আসামিদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।

সেইসঙ্গে এসিড অপরাধ দমন আইনের ১০ ধারার বিধান অনুযায়ী আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রায় ঘোষণার দশ দিনের মধ্যে নিলামে বিক্রি করে সেই টাকা ঘটনার শিকার গৃহবধূ রওশন আরা সুমিকে দেয়ার জন্য বাগেরহাটের জেলা প্রশাসককে নির্দেশ দেয় আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইটকুমড়া গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে মোল্লা মাসুদ রানা (৩১), একই গ্রামের জব্বার উচস্থার ছেলে মোস্তফা উচস্থা (৩৪) এবং একই উপজেলার পিলজংগ টাউন নওয়াপাড়া গ্রামের মকবুল শেখের ছেলে হান্নান শেখ (৩৪)। এরা সবাই পলাতক।

এছাড়া রায়ে মামলা তদন্তে গাফিলতির অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে তিরস্কার করা ছাড়াও তাদের গাফিলতি তদন্ত করে ব্যবস্থা নেয়া নির্দেশ দেয়া হয়।

এ তিন কর্মকর্তারা হলেন, বাগেরহাটের তৎকালীন পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম, মামলার দুই তদন্ত কর্মকর্তা ফকিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার মিত্র ও উপ-পরিদর্শক এস এম আকরাম হোসেন।

এ বিষয়ে রায়ে বলা হয়েছে, “সুস্পষ্ট দালিলিক, মৌখিক ও বিশেষজ্ঞ মতামত থাকা সত্ত্বেও ওই পুলিশ কর্মকর্তারা যেভাবে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন তা অন্যায়, অনভিপ্রেত ও গর্হিত। অদৃশ্য কারণে একাধিকবার তারা এই মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন, যা তদন্তের দাবি রাখে।”

তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশসহ মামলার রায়ের কপি তাদের কাছে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার নথি থেকে জানা যায়, ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী রওশন আরা সুমিকে আসামিরা দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। ২০১০ সালের ৯ নভেম্বর রাতে তারা মেয়েটির ঘরে ঢুকে তাকে তুলে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তিনি চিৎকার করলে আসামিরা তার শরীরে এসিড নিক্ষেপ করে। এতে তার পিঠসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।

এই ঘটনায় ১১ নভেম্বর সুমি বাদী হয়ে ফকিরহাট থানায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো তিন-চার জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা নেই জানিয়ে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা আকরাম হোসেন ২০১০ সালের  ১৯ ডিসেম্বর এবং দ্বিতীয় তদন্ত কর্মকর্তা পরিদর্শক অজিত কুমার মিত্র ২০১১ সালের ৮ মার্চ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

২০১১ সালের ১০ এপ্রিল বাদীর নারাজি আবেদন শুনানিতে ট্রাইব্যুনাল বাদীপক্ষের উপস্থাপিত বিভিন্ন দালিলিক, মৌখিক ও বিশেষজ্ঞ মতামত পর্যালোচনা করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে মামলাটি আমলে নিয়ে বিচার শুরু করে।

বাগেরহাট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী বলেন, পুলিশের গাফিলতিতে বাদীপক্ষ সুবিচার থেকে বঞ্চিত হচ্ছিল। পরে আদালত সুনির্দিষ্ট প্রমাণগুলো বিশ্লেষণ করে মামলাটি আমলে নিয়ে বিচার শুরু করে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রওশন আরা সুমি বলেন, “আসামিরা পুলিশকে প্রভাবিত করে আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছিল। কিন্তু বিচারকের বিচক্ষণতায় আমি সুবিচার পেয়েছি।”

অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

</div>  </p>