২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে ২ ছিনতাইকারীকে গণপিটুনি

রাজধানীতে ধানমণ্ডির এক দোকানে ছিনতাই করার সময় জনতার পিটুনিতে দুই ছিনতাইকারী আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 02:07 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

আহত ফায়জুল (৪২) ও শাহ্ আলমকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, রোববার সকাল সোয়া ১০টার দিকে ধানমণ্ডি ১৩ নম্বর সড়কের কর্ণার মার্কেটের নিচতলায় এ ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই দোকান মালিকও আহত হয়েছেন।

আহত দোকান মালিক মো. আবেদকে ধানমণ্ডির একটি ক্লিনিকে নেয়া হয়েছে। তিনি বিকাশের এজেন্ট ছিলেন।

ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি চাপাতি, তিনটি ককটেল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি আবু বকর।

তিনি বলেন, সকালে কর্নার মার্কেটের নিচতলায় ‘ক্যাশ ক্যারি’ নামের দোকানে ঢুকে চার ছিনতাইকারী আবেদকে কোপায়। এ সময় পাশের দোকান থেকে আবেদের এক ভাইয়ের চিৎকার শুনে আশপাশের অন্য দোকানিরা দুই ছিনতাইকারী ধরে পিটুনি দেয়।

অপর দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে ওসি জানান।

তবে দোকান থেকে কোন টাকা লুট হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।