ইনকিলাব সাংবাদিককে কৌশলে তুলে নিয়ে মারধর
দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ এক সাংবাদিককে কৌশলে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই সংবাদপত্রের সহকারী সম্পাদক আব্দুল আউয়াল ঠাকুর অভিযোগ করেছেন, বৃহস্পতিবার হাই কোর্টের সামনে তার গাড়িকে অন্য একটি গাড়ি ধাক্কা দিয়ে কৌশলে সেই গাড়িতে তুলে পান্থপথে নিয়ে মারধর করা হয়।
এই ঘটনার হোতাকে সনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশ বলেছে, একজনকে আটকও করা হয়েছে।
মিরপুরের বাসা থেকে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে সকাল ১১টার দিকে হাই কোর্টের সামনে তার গাড়িকে অন্য একটি গাড়ি এসে ধাক্কা দেয় বলে আউয়াল ঠাকুর জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষা ভবনের পূর্বপাশের রাস্তায় দক্ষিণ দিকে থেকে একটি প্রাইভেটকার দ্রুতবেগে এসে আমার গাড়ির সামনে ধাক্কা দেয়।
“ওই গাড়ি থেকে একজন লোক বেরিয়ে এসে বলে- ‘আপনার ড্রাইভারের দোষ’। আমি বলি যেহেতু দুটি গাড়িরই ক্ষতি হয়েছে, চলেন প্রেসক্লাবে গিয়ে বিষয়টি সমাধান করি। তিনি ‘চলেন’ বলে আমাকে তার গাড়িতে উঠতে বলেন।”
ওই গাড়িতে ওঠার পর তা প্রেসক্লাবের না গিয়ে শাহবাগের দিকে যেতে থাকে বলে আউয়াল ঠাকুর জানান।
“কোথায় যাচ্ছেন, জানতে চাইলে সেই লোক বলেন- ‘তোকে আমি অপহরণ করব, সাভারে নিয়ে যাব’।”
ওই গাড়িতে সেই ব্যক্তি আর চালক ছাড়া কেউ ছিল না। নিজেকে প্রকৌশলী পরিচয় দেয়া সেই ব্যক্তি তার মোবাইল থেকে নানাজনকে ফোন করে নিচে নামতে বলেছিল বলে জানান সাংবাদিক নেতা আউয়াল।
“পান্থপথের রওশন টাওয়ারের সামনে আসামাত্র আমাকে ছিনতাইকারী বলে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ওই লোক চলে যায়। রওশন টাওয়ারের সামনে লোকজন আমাকে মারধর করে ভেতরে নিয়ে আটকে রাখে।”
প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ওই টাওয়ার থেকে এই সাংবাদিককে উদ্ধার করে।
কলাবাগার থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে লোকটির গাড়িতে আউয়াল ঠাকুরকে আনা হয়েছে, তার নাম শাহরিয়ার জামান এবং তিনি একজন ডেভেলপার বলে পুলিশ জানতে পেরেছে।”
এই ঘটনায় জড়িত সন্দেহে রওশন টাওয়ার থেকে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
