নৌ-দুর্ঘটনা মোকাবেলায় ‘সমন্বিত সংস্থা’র সুপারিশ
নৌ-দুর্ঘটনা রোধ এবং দুর্ঘটনা পরবর্তী উদ্ধার তৎপরতা গতিশীল করতে একটি সমন্বিত জরুরি ব্যবস্থাপনা সংস্থা গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে।
একইসঙ্গে গত ৪০ বছরে নৌ-দুর্ঘটনা বেশি ঘটেছে এমন ‘স্পট’ চিহ্নিত করা এবং জেলা প্রশাসন, নৌ, সেনা ও বিমান বাহিনীকে সমন্বিত সংস্থায় (ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি) রাখতে বলেছে কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রফিকুল ইসলামের (বীর উত্তম) সভাপতিত্বে অনুষ্ঠিত নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠক শেষে রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নৌ দুর্ঘটনার পর উদ্ধার কাজের সমন্বয় নিয়ে সমস্যা হয়। দেখা যায়, জেলা প্রশাসক বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলায় উদ্ধার কাজ শুরু করতে দেরি হয়।
“তাই ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মতো একটি সেন্ট্রাল বডি থাকলে কাজ সহজ হয়।”
পৃথিবীর বিভিন্ন দেশে এমন সমন্বিত সংস্থা রয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, “কোথাও নৌ দুর্ঘটনা ঘটলে এই সমন্বিত সংস্থার মাধ্যমে উদ্ধার কাজ করা সহজ হবে।”
নৌ দুর্ঘটনা প্রবণ স্থানগুলো চিহ্নিত করতে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে বলা হয়েছে জানিয়ে রফিকুল ইসলাম বলেন, “স্পটগুলো চিহ্নিত করা হলে দুর্ঘটনা প্রবণ এলাকার কাছাকাছি উদ্ধারকারী জাহাজগুলো রাখলে উদ্ধার কাজ সহজ হবে।”
গত ৪ অগাস্ট মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে তিন শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬ নামের একটি লঞ্চ। সরকারি তথ্য অনুযায়ী, লঞ্চডুবির পর এ পর্যন্ত নদীর ভাটিতে বিভিন্ন স্থান থেকে মোট ৪৮টি লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে ৬১ জন।
বৃহস্পতিবারের বৈঠকে চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দ্রুত চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান রফিকুল ইসলাম।
তিনি বলেন, “প্রাইভেট অপারেটর বা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা অন্য কোনো প্রক্রিয়ায় এনসিটি চালু করলে লাভজনক হবে কি না তা একজন আর্থিক খাত বিশেষজ্ঞ দিয়ে দ্রুত মূল্যায়ন করতে হবে। ওই মূল্যায়নের পর সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক করে সুপারিশ চূড়ান্ত করবে।”
কমিটির সদস্য নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, তালুকদার আব্দুল খালেক, হাবিবর রহমান, এম. আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, আনোয়ারুল আজীম আনার ও মমতাজ বেগম বৈঠকে অংশ নেন।
