২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত থেকে আসামির পলায়ন

সিরাজগঞ্জ আদালতে হাজিরার জন্য আনা এক হত্যা মামলার আসামি দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে পালিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2014, 04:53 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে পালায় আসামি আব্দুল করিম (২৪)।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মিহির বরণ সাহা জানান, আদালতে অন্য একটি মামলার কার্যক্রম চলছিল। এ সময় আদালতের অভ্যন্তরে পিছনে বেঞ্চের সঙ্গে হাতকড়া লাগানো অবস্থায় আসামি আব্দুল করিম বসেছিল।

এক পর্যায়ে হাতকড়া খুলে এজলাস থেকে দৌড়ে বের হয়ে যায় এবং দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও সদর থানার ওসি হাবিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সুভাষ চন্দ্র সাহা সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ কনস্টেবল শফিক ও ওয়াহেদকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মামলার বরাত দিয়ে পেশকার মিহির বরণ সাহা জানান, করিম জেলা শহরের মিরপুর ওয়াবদা বাঁধ এলাকার প্রয়াত জুড়ান শেখের ছেলে।

করিমের বাবা জুড়ান শেখ ও মা কোহিনুর বেগমের (৪০) মধ্যে বনিবনা না হওয়ায় তাদের তালাক হয়ে যায়। এরপর কোহিনুর বেগম স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করেন। মামলা চলাকালেই কোহিনুর বেগম আরেকটি বিয়ে করেন।

২০১১ সালের ১৩ জুলাই কোহিনুর বেগমকে গলা কেটে খুন করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হারুন-অর-রশিদ বাদী হয়ে কোহিনুরের প্রথম স্বামী জুড়ান শেখ ও ছেলে আব্দুল করিমের নামে হত্যা মামলা দায়ের করেন।

মিহির বরণ সাহা জানান, এ হত্যা মামলায় ঘটনার পরদিন থেকে আব্দুল করিম জেলহাজতে ছিলেন। ইতিমধ্যে মামলার প্রধান আসামি জুড়ান আলীর মৃত্যু হয়েছে।