২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গ্যাস গ্রেনেড বিক্রি: দুই আসামি রিমান্ডে

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত গ্যাস গ্রেনেড দুই আসামির কাছে বিক্রির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2014, 03:13 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবদুল হান্নান মঙ্গলবার দুই আসামি মেহেদী হোসেন জুয়েল ও তৌহিদুল ইসলামকে ঢাকার হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আমিনুল হক দুই আসামিকে চার দিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দেন।

ওই ঘটনায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান উজ্জ্বলকেও এর আগে চার দিনের রিমান্ডে পাঠায় আদালত।

র‌্যাব-৩ এর একটি দল গত ৯ অগাস্ট রাজধানীর নয়াটোলা এলাকা থেকে একটি গ্যাস গ্রেনেডসহ তৌহিদ ও মেহেদীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, কনস্টেবল মনিরুজ্জামানের কাছ থেকে তারা ওই গ্রেনেড কিনেছে।

এরপর মুনিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে তাকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ।

উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, মেহেদী ও তৌহিদ একটি ভাংচুরের মামলার আসমি। গত ১৭ অগাস্ট তাদের গ্রেনেডসহ গ্রেপ্তার করার পর রমনা থানায় একটি মামলা হয় এবং ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আবদুল হান্নান শুনানিতে বলেন, “কনস্টেবল মনিরুজ্জামান উজ্জ্বলের কাছ থেকে গ্যাস গ্রেনেড কেনার কথা আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”

এ ঘটনায় গণমাধ্যমে আসা খবরে বলা হয়, প্রায় আড়াই মাস আগে অস্ত্রাগারে ভুল তথ্য জমা দিয়ে ওই গ্যাস গ্রেনেড আত্মসাত করেন কনস্টেবল মনিরুজ্জামান।