চট্টগ্রামে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১০ বছর আগে এক যুবককে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জগলুল হোসেন এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- জসিম উদ্দিন ও শহীদুল ইসলাম। তারা দুজনই পলাতক আছেন।
এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) দীন মণি দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলায় বলা হয়, ২০০৩ সালের শুরুর দিকে চন্দনাইশের জাফরাবাদ এলাকায় স্থানীয় যুবক আবু বক্কর সিদ্দিকীকে গুলি করে হত্যা করে লাশ পার্শ্ববর্তী শঙ্খ নদীতে ফেলে দেয়া হয়।
এ ঘটনায় স্থানীয় চৌকিদার আফজাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
