যমুনায় পানি বৃদ্ধি, সিরাজগঞ্জে প্লাবন
উজান থেকে নামা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির ফলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের নিম্নাঞ্চলের ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে।
সোমবার দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হয়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল বলেন, পানি বৃদ্ধি আরো ৪/৫ দিন অব্যাহত থাকতে পারে। রাতের মধ্যে সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমা অতিক্রম করার আশংকা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা শহরের মালসাপাড়া, কাটাওয়াপদা, মিরপুর, চরমিরপুর, সদর উপজেলার কাওয়াখোলা চর, বনবাড়িয়া, ছাতিয়ানতলী, সয়দাবাদ, মুলিবাড়ি, বেলকুচি উপজেলার রান্ধুনিবাড়ি, নাকফাটা, রাজাপুর, দেলুয়া, চালাপূর্বপাড়া, ক্ষিদ্রমাটিয়া, মেঘুল্লা, চৌহালী উপজেলার বেতিল, এনায়েতপুর, চাদপুর, সোনাতনী, ঘোড়জান, খাসকাউলিয়া, ওমরপুর, শাহজাদপুর উপজেলার রুপসী, সোদপুর, পাচিল, কৈজুরি, জালালপুরসহ কাজিপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশে বসবাসকারী অনেক পরিবার ইতোমধ্যে ঘর বাড়ি ছেড়ে বাঁধে আশ্রয় নিয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, বন্যা কবলিত সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। সেইসঙ্গে বন্যার্ত ও পানিবন্দি মানুষজনকে নিরাপদ আশ্রয়ে রাখার নির্দেশ দেয়া হয়।
