পিনাকের মালিক ও ছেলে রিমান্ডে
মুন্সীগঞ্জের পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক কালু ও তার ছেলে ওমর ফারুক লিমনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন করে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার সকাল ১১টার দিকে বাবা ও ছেলেকে মুন্সীগঞ্জের বিচারিক হাকিম আদালতে নেয়া হলে শুনানি শেষে হাকিম হারুন অর রশিদ তাদের জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা লৌহজং থানার এসআই জুলহাস জানান, আসামিদের লৌহজং থানায় নেয়ার প্রস্তুতি চলছে।
গত ৪ অগাস্ট দুই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে পিনাকের মালিক আবু বকর, তার ছেলে, লঞ্চের সারেং ও সুকানিসহ ছয় জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলাটি করেন বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূইয়া।
ঘটনার নয় দিন পর ১৩ অগাস্ট চট্টগ্রামের আগ্রাবাদ হাইজিং এলাকা থেকে পলাতক লঞ্চ মালিক আবু বকরকে গ্রেপ্তার করে র্যাব।
পরদিন ১৪ অগাস্ট শুক্রবার রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মামলার তিন নম্বর আসামি ওমর ফারুক লিমনকে (২৭), যিনি ওই লঞ্চের টিকিট বিক্রিসহ সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন।
দুই আসামিকেই সাত দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিল লৌহজং থানা পুলিশ।
সরকারি তথ্য অনুযায়ী, লঞ্চডুবির পর এ পর্যন্ত নদীর ভাটিতে বিভিন্ন স্থান থেকে মোট ৪৮টি লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে ৬১ জন।
লঞ্চমালিক সিদ্দিক মেদিনীমণ্ডল ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তার বাড়ি মাওয়া ঘাটের কাছে দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামে।
মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ‘মাওয়া এক্সপ্রেস’ লঞ্চের মালিকানাতেও তার অংশীদারিত্ব আছে বলে লঞ্চ মালিক সমিতির নেতারা জানান।
দুর্ঘটনার আট দিনেও তলিয়ে যাওয়া লঞ্চের অবস্থান শনাক্ত করতে না পারায় গত ১১ অগাস্ট তল্লাশি অভিযান সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।
