সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত
বাগেরহাটের সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যিনি বনদস্যু দল ‘নাসির বাহিনীর’ প্রধান নাসির বলে জানিয়েছে র্যাব।
র্যাব ৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সোমবার সকাল সোয়া ৬টা থেকে পৌনে ৭টা পর্যন্ত পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া চরেরঠোটা এলাকায় নাসির বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চলে।
নিহত নাসির ওরফে রাসেলের (২৯) বিরুদ্ধে সুন্দরবনে ডাকাতি, জেলেদের অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।
পরে ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, তিনটি কাটা রাইফেল, ১৬৯টি গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা আদনান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চরেরঠোটা এলাকায় দস্যু নাসির তার বাহিনীর ১০/১২ জনকে নিয়ে অবস্থান করছে, এ খবর পেয়ে সেখানে অভিযানে যায় র্যাব ৮-এর দল।
“র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়তে শুরু করলে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা পর বনদস্যুরা পালিয়ে গেলে একটি গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”
পরে স্থানীয় জেলেরা নিহত ব্যক্তিকে বনদস্যু নাসির বলে সনাক্ত করে। তার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায়।
এ ঘটনায় বাগেরহাটের মংলা থানায় দুটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে র্যাব। নাসিরের লাশ ও আগ্নেয়াস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে মেজর আদনান জানান।
