২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরগঞ্জে ১০ হাজার মানুষ পানিবন্দি

তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই হাজার পরিবারের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 08:52 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

এছাড়া সদ্য রোপন করা আমন চারা, বীজতলা, তোষাপাট, সবজী ও বাড়ির আঙিনা পানির নিচে তলিয়ে গেছে।

প্লাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে হলো কাপাসিয়া, কঞ্চিবাড়ি, হরিপুর, নবাবগঞ্জ, কিশামত সদর, কানি চরিতাবাড়ি, রাঘব, চর চরিতাবাড়ি, উজান তেওড়া, বেলকা, পাড়া সাদুয়া, চর হরিপুর, ভাটি, উজান বুড়াইল, বাদামের চর, ভাটি কাপাসিয়া, পোড়ার চর, পূর্ব লালচামার, কাজিয়ার চর ও ছয় ঘড়িয়া।

এসব এলাকায় দুই হাজার পরিবারের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

কাপাসিয়া, কঞ্চিবাড়ি ও হরিপুর ইউপি চেয়ারম্যান যথাক্রমে মঞ্জু মিয়া, হাফিজুর রহমান ও মোজাহারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে এসব নদী বিধৌত ইউনিয়নে মানুষজন পানিবন্দি হয়ে পড়েছে।

তারা জানান, হরিপুরের হাজিরর হাট, ছয় ঘড়িয়া, পূর্ব লাল চামার ও ভাটি কাপাসিয়ার আবাদি জমিসহ অনেক বাস্তুভিটা নদী গর্ভে বিলীন হচ্ছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ জানান, উপজেলা ত্রাণ বিভাগের তালিকা মতে দুই হাজার পরিবার পানিবন্দি হয়েছে। তাদের জন্য মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেটসহ ২০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

এদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অনেক বেশি হওয়ায় বরাদ্দ অপ্রতুল বলে স্থানীয়রা দাবি করছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল মিয়া জানান, পানি বৃদ্ধি পেলেও তিস্তা ও ব্রহ্মপুত্র এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।