স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে উত্ত্যক্তের অভিযোগ
ঢাকার সাভারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার ‘ভোরের আলো স্কুল এন্ড কলেজ’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনিসুর রহমান সেলিমের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্য্যালয়সহ বিভিন্ন মন্ত্রীর বরাবর এ অভিযোগ দেয়া হয়।
এছাড়া শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সাভার মডেল থানায়ও লিখিত এই অভিযোগ পাঠানো হয়।
ভোরের আলো স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছয় শিক্ষার্থী (নাম প্রকাশ করা হলো না) স্বাক্ষরিত এ অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনিসুর রহমান সেলিম ও তার স্ত্রী অধ্যক্ষ লিমা রহমান শিক্ষার্থীদের ক্লাস না করিয়ে কোচিং করান, যার মাধ্যমে তারা বাড়তি টাকা আয় করে নিচ্ছেন। কেউ কোচিং করতে না চাইলে পরীক্ষায় নম্বর কম দেয়া হয়।
অভিযোগে বলা হয়, স্কুলের মাসিক বেতন ৭শ’ টাকা, কোচিং ফি ৭শ’ টাকা। দুই মাস পর পর পরীক্ষার ফি ২৫০ টাকা করে নিচ্ছে কর্তৃপক্ষ। এছাড়া লেখার জন্য সব খাতা স্কুল থেকে বেশি দামে কিনতে বাধ্য করা হচ্ছে।
দরিদ্র কোনো ছাত্রী এসব ফি কমানোর আবেদন করলে তাকে অনৈতিক ও অশ্লীল প্রস্তাব দেন আনিসুর রহমান সেলিম। এছাড়া নানাভাবে মেয়েদের উত্ত্যক্ত করেন।
সম্প্রতি এক শিক্ষিকার সঙ্গে এ ধরনের আচরণ করায় ওই শিক্ষিকা চাকরি ছেড়ে চলে গেছেন বলেও শিক্ষার্থীরা দাবি করছেন।
ভুক্তভোগী ওই স্কুলর দশম শ্রেণির এক ছাত্রীর ভাই (নাম প্রকাশ করা হলো না) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রীদের সঙ্গে প্রতিষ্ঠানের চেয়ারম্যান কর্তৃক এমন আচরণের কারণে একাধিক ছাত্রী ও তাদের স্বজনরা প্রতিষ্ঠানের অধ্যক্ষ লিমা রহমানের কাছে অভিযোগ করলে তিনি উল্টো ছাত্রীদের দোষ দেন।
এ ব্যাপারে ভোরের আলো স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আনিসুর রহমান সেলিম তার বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক ছাত্রীকে কম টাকায় পড়ানো হচ্ছে। ওই ছাত্রী অন্যান্য শিক্ষার্থীদের তা জানালে তারাও কম টাকা দিতে চায়।
“এতে আমরা রাজি না হওয়ায় শিক্ষার্থীরা এ ধরনের বদনাম ছড়াচ্ছে,” বলেন তিনি।
কোচিংয়ের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের বলা হয়েছে স্কুলে কোচিং করলে বাড়িতে আর পড়তে হবে না। কোচিংয়ে পড়লেই পাশ।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রানী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
