২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএসএফের গুলিতে আহত ২’

সাতক্ষীরা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয়রা।  

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 06:20 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

রোববার সদর উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের খলিসা এলাকায় এ ঘটনার কথা স্থানীয়রা জানালেও বিজিবি বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

সদরের কুশখালী ইউনিয়নের চেয়ারম্যান আবু রায়হান জানান, বিএসএফের গুলিতে সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের জিয়াউর রহমান ও সিদ্দিকুর রহমান আহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে আবু রায়হান সাংবাদিকদের জানান, সকালে কয়েকজন গরুরাখাল ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন।

ভারতের সীমান্তের কাছে পৌঁছালে বসিরহাট থানার খলিসা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে জিয়াউর রহমান ও সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হয়।

এ সময় তাদের সঙ্গীরা জিয়াউর রহমানকে উদ্ধার করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিয়ে আসলেও সিদ্দিকুর রহমানকে উদ্ধার করতে পারেনি।

ইউপি চেয়ারম্যান রায়হান আরো জানান, গুলিবিদ্ধ জিয়াউর রহমানকে তার আত্মীয়রা অজ্ঞাত স্থানে রেখে চিকিৎসা দিচ্ছে বলে জানা গেছে।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজির আহম্মেদ বকশি জানান, বিএসএফ কর্তৃক সীমান্তে গুলির কোনো খবর তিনি পাননি। তবে ভারত ভূখণ্ডে এ ধরনের কোনো ঘটনা আছে কি না এবং কোনো বাংলাদেশি আহত কিনা স্থানীয় ক্যাম্প কমান্ডারকে তার খোঁজ নিতে বলা হয়েছে।