চট্টগ্রামে গাঁজা কেনাবেচায় ছয়জনের দণ্ডাদেশ
গাঁজা কেনা ও বেচার অপরাধে চট্টগ্রামে দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ফিশারী ঘাট ও পুরাতন রেল স্টেশন এলাকায় কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেন।
ফিশারীঘাট এলাকায় অঞ্জন দেবনাথকে (৫০) আধাকেজি গাঁজা বহনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন চারমাসের কারাদণ্ড দেন বলে জানিয়েছেন কোতয়ালী থানার এসআই মাসুদ ইবনে আনোয়ার।
কোতয়ালী থানার এসআই মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে গাঁজা কেনা-বেচার অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরশাদুল আল পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেয় বলে জানান তিনি।
