২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে দুর্ঘটনায় নিহত ৪

ঢাকার কেরানীগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 05:23 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

শনিবার বিকাল পৌনে ৩টার দিকে ঢাকা-মাওয়া সড়কের আব্দুল্লাহপুরে এই দুর্ঘটনায় আরো ছয়জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- আসমা বেগম (২৬), তানিয়া আক্তার (১৪), তোয়াসিন হোসেন (৫) ও কাউসার আহমেদ (৩২)। এদের মধ্যে তানিয়া, আসমা ও তোয়াসিন চাচাতো ভাই-বোন।

নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহতদের ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  মাওয়াগামী ইলিশ পরিবহনের একটি বাসের সঙ্গে  কেরানীগঞ্জগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে তানিয়া, আসমা ও তোয়াসিন নিহত হন এবং আহত হন আরো সাতজন যাত্রী। আহতদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক মাইক্রোবাস চালক কাউসারকে মৃত ঘোষণা করেন।

নিহত তানিয়ার চাচাতো ভাই শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মাইক্রোবাসে করে চালকসহ ১৩ জন মুন্সীগঞ্জের কুসুমপুরের চমপত্তি গ্রাম থেকে কেরানীগঞ্জের কালীগঞ্জে এক নতুন আত্মীয়ের বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

“তানিয়ার বোন মনিকে দুই দিন আগে কালীগঞ্জে বিয়ে দেয়া হয়। শুক্রবার মুন্সীগঞ্জ থেকে মনিকে কেরানীগঞ্জে নিয়ে আসে বর পক্ষ। তাকে কালীগঞ্জে আনতে যাচ্ছিল ওরা।”