২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলমগ্ন চট্টগ্রামে দুর্ভোগ

দুই দিনের টানা বর্ষণ ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন সড়ক ও এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 01:10 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

শুক্রবার সারাদিন ও রাতে ভারি বৃষ্টির পর শনিবার সকালে নগরীর কাপাসগোলা, বাদুরতলা, দুই নম্বর গেট, ষোলশহর, জিইসি ও ওয়াসার মোড় এলাকায় নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এর আগে শুক্রবার থেকেই নগরীর বাকলিয়ার কিছু অংশ, আগ্রাবাদ এক্সেস সড়ক, কমার্স কলেজ রোড, শানিতবাগ, বড়পোল, ছোটপোল, হাজিপাড়া, মুহুরিপাড়া, হালিশহর ও সিডিএ আবাসিক এলাকা বৃষ্টি ও জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতায় ছিল।

নগরীর দক্ষিণ খুলশী এলাকার বাসিন্দা মোহাম্মদ আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাসা থেকে বেরিয়ে জিইসি মোড় এসে তিনি দেখেন মূল সড়কে পানি জমে গেছে। ওয়াসার মোড়েও পানি জমে ছিল।

সকাল ১০টার পর দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি না হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াসা, জিইসি, ষোলশহর এলাকায় পানি কমতে শুরু করেছে।

তবে আগ্রাবাদ, হালিশহর ও বাকলিয়ার জলমগ্ন এলাকাগুলোর পানি কমেনি বলে এলাকাবাসী জানিয়েছেন।

শান্তিবাগ এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল ফারুক বলেন, গত ১০ অগাস্ট রাত থেকে জলাবদ্ধতার শুরু। গত বৃহস্পতিবার দিনে পানি কিছুটা কমেছিল। এরপর আবার আগের অবস্থা। এখনো বাড়ির নিচতলা পানির নিচে।

জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।

পানি ডিঙ্গিয়েই স্কুল কলেজের শিক্ষার্থী ও ‍অফিসগামীদের যাতায়াত করতে হচ্ছে।

গত রোববার ‘সুপারমুনের’ প্রভাবে স্বাভাবিকের চেয়ে এক থেকে তিন ফুট উচ্চতার জোয়ারে নগরীর আগ্রবাদ, বাকলিয়া এবং চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সঙ্গে যোগ হয় বৃষ্টি।

মঙ্গলবার রাত পর্যন্ত এসব এলাকায় জলাবদ্ধতা ছিল। এরপর পানি নামতে শুরু করলেও বৃহস্পতিবার রাত থেকে ভারি বর্ষণ শুরু হলে পানির উচ্চতা আবার বাড়তে থাকে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

“মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ সারাদিন ভারি বর্ষণ হতে পারে। আগামীকাল পর্যন্ত ভারি বর্ষণের সম্ভাবনা আছে।”

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মন্নান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুরাদপুর ও হালিশহর কে ব্লক এলাকায় পানি সরাতে টিম কাজ করছে।

“বৃষ্টির পরিমাণ খুব বেশি। নালা বা খালে প্রতিবন্ধকতা নেই। কিন্তু এত পানি সরতে যেটুকু সময় লাগে তাই লাগছে। সব জায়গা লোকজন কাজ করছে।”