অপশক্তি ইতিহাস ধ্বংস করতে পারেনি: জাফর ইকবাল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেও বাঙালির ইতিহাস ধ্বংস করা যায়নি বলে মন্তব্য করেছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি বলেন, “স্বাধীনতাবিরোধী অপশক্তি জাতির পিতাকে হত্যা করেও বাঙালিদের অপার সম্ভবনা দমাতে পারেনি। এগিয়ে চলছে বঙ্গবন্ধুর স্বপ্ন।
“ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুর ত্যাগ ও তিতীক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ বাঙালি জাতির অন্তরে চির জাগরুক হয়ে আছে।”
জাফর ইকবাল বলেন, “স্বাধীনতাবিরোধী অপশক্তি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও এর অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে ফেলাই ছিল তাদের লক্ষ্য।
“বঙ্গবন্ধুর কারণেই বাঙালি পেয়েছিল স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সঙ্গীত। যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন জাতিকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত তখনই ঘাতকচক্র তাকে সপরিবারে হত্যা করে।”
তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বাঙালি হিসেবে স্বাধীনভাবে বাঁচতে পারতাম না। আমাদের সবাইকে পাঞ্জাবি পরে পাকিস্তানি হয়েই বাঁচতে হতো।”
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়তে আত্মনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে জাতীয় শোক দিবসের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৯টায় উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।
সেখানে তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পাশাপাশি ১৫ অগাস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতও করা হয়।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ অন্যান্য আবাসিক হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজসহ অন্যান্য বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সেখানে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে।
