ফুলগাজী হাসপাতাল কর্মচারীর ঝুলন্ত লাশ
ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মচারী মাহবুবুল ইসলাম মুকুলের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী কোয়ার্টারের ৪র্থ তলায় তার নিজ কক্ষে সিলিং ফ্যানে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
মুকুল দরবারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলগাজী থানায় একটি অস্ত্র মামলার জামিন প্রাপ্ত আসামি ছিলেন।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোহাম্মদ শহিদ উল্যাহ জানান, বৃহস্পতিবার রাতে ইমার্জেন্সি এটেনডেন্ট মাহবুবুল ইসলাম মকুল ফুলগাজীর বন্দুয়ায় তার শশুরবাড়ি থেকে হাসপাতাল কোয়ার্টারে নিজ কক্ষে আসেন।
শুক্রবার সকাল গড়িয়ে দুপুর হলেও তার ঘরের দরজা বন্ধ থাকে। এ সময় তার বাড়ি থেকে বাবা-মা ও অন্যরা ফোন করে কোনো সাড়া না পেয়ে তার কোয়ার্টারে আসেন।
পরে হাসপাতালের অন্য কর্মচারীরা কোয়ার্টারে দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পান। ফুলগাজী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ফুলগাজী থানার ওসি হারুন অর রশিদ জানান, মাহবুবুল ইসলাম মুকুল ফুলগাজী থানার অস্ত্র মামলার একজন আসামি। তার বিরুদ্ধে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। গত ২৫ রমজান থেকে ওই মামলায় জামিনে মুক্ত হন তিনি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
