আন্দোলন নিয়ে সংশয় নয়: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার বিরোধী আন্দোলনের সফলতা নিয়ে নেতা-কর্মীদের মন থেকে সব ধরনের সংশয় দূর করার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, “অনেকে বলে থাকে বহু আন্দোলন তো করলাম, কিন্তু কিছুই তো হলো না। আমি বলছি আপনারা ঐক্যবদ্ধ থাকলে আন্দোলন সফল হবে এবং এ সরকারের পতন ঘটবেই।”
শুক্রবার বগুড়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য সম্প্রচার নীতিমালা তৈরি করে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চায় বলে মন্তব্য করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার মেয়র মাহবুবর রহমান, জেলা সধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ।
পরে মির্জা ফখরুল ইসলাম নেতা-কর্মীদের সঙ্গে খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটেন।
