টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের মেজবান
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তাদের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করেছে।
শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনকের কবরে পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।
আয়োজকরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ ও বালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১১টার দিকে খাবার পরিবেশন শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
কলেজ মাঠের আয়োজনে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, সাদা ভাত, চনার ডাল দিয়ে লাউ আর নলির ঝোল।
বালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন সাজানো হয় মুরগির কোর্মা, খাসির মাংস ও সাদা ভাত দিয়ে।
আগতদের আপায়্যান করেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে নগর আওয়ামী লীগের একটি দল।
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ মাঠে প্রায় ২২ হাজার এবং স্কুল মাঠে ১০ হাজারের কিছু বেশি লোক মেজবানে অংশ নিয়েছেন।
খাবারের আয়োজন সম্পর্কে ফারুক বলেন, মোট ১০৭ মণ ওজনের ২৫টি গরু, সাতটি খাসি ও দেড় হাজার মুরগি রান্না করা হয়। গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার লোকজন মেজবানে অংশ নেন।
মেজবান আয়োজনের জন্য গত সোমবারই চট্টগ্রাম থেকে দলীয় নেতাদের নেতৃত্বে বাবুর্চিসহ ২০ সদস্যের একটি দল টুঙ্গিপাড়ায় পৌঁছায়।
শফিকুল ইসলাম বলেন, শোক দিবসের দিন সারাদেশ থেকে মানুষ জাতির জনকের কবর জিয়ারত করতে আসেন। তাদের খাবারের ব্যবস্থা করার জন্যই মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এখানে মেজবানের আয়োজন হয়ে আসছে।
“এক এগারোর সরকারের সময় মহিউদ্দিন চৌধুরী জেলে থাকাকালে এ আয়োজন হয়নি। ওই বিরতি বাদ দিয়ে এবারসহ ১২ বার মেজবান অনুষ্ঠিত হলো,” বলেন শফিক।
মেজবানে অংশ নেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, খ ম জাহাঙ্গীর, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ, নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, নগর আওয়ামী লীগ নেতা শফিক আদনান, নেছার উদ্দিন মঞ্জু প্রমুখ।
