নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডব
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ি পাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে বন্যহাতির দল ১৯টি বসতঘর গুড়িয়ে দিয়েছে।
এ সময় হাতির দল ঘরের আসবাবপত্র, গোলার ধান ও ক্ষেত্রের ফসলও নষ্ট করে।
বাতকুচি বনবিট কর্মকর্তা আমিনুল হক জানান, বনবিভাগের ১০ সদস্যের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে।
বন্যহাতির আবাসস্থল ধ্বংস করার কারণে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত আঞ্জেন্দ্র চিসিম জানান, শতাধিক বন্যহাতির একটি দল তার বসতঘর ভাঙ্গার সময় তিনি দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচান।
ট্রাইভাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেং মিনজা বলেন, এক যুগেরও অধিক সময় ধরে উপজাতি অধ্যুষিত এলাকায় বন্যহাতি তাণ্ডব চালাচ্ছে। সরকারিভাবে এর স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন।
নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আক্রান্ত এলাকায় রাতের বেলায় বন্যহাতি তাড়াতে মশাল জ্বালানোর জন্য ২শ’ লিটার কেরোসিন তেল বরাদ্দ দিয়েছেন।
এছাড়া তিনি ক্ষয়ক্ষতি নিরুপণ করে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেয়ারও ঘোষণা দেন।
