বিএনপি মানবতাহীনদের দল: জয়
১৫ অগাস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করায় বিএনপিকে ‘মানবতাহীন বা নৈতিকতাবিহীন মানুষের একটি দল’ বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার এই দিনে জন্মদিন পালন না করার জন্য বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানিয়ে আসছেন আওয়ামী লীগ নেতারা।
তবে আওয়ামী লীগ নেতাদের ‘তীর্যক’ কথা-বার্তার কারণেই খালেদা জিয়ার জন্মদিন পালন তাদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে বলে বৃহস্পতিবার এক আলোচনা সভায় মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রাতে ফেইসবুকে তার ওই বক্তব্যের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়।
এক স্ট্যাটাসে তিনি লিখেছেন,“বিএনপির পক্ষ থেকে আজ বলা হয়েছে যে জাতির জনককে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করার দিনে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করতে তাদেরকে নাকি বাধ্য করা হয়েছে।”
এই বক্তব্য সত্যিই বিএনপি নীতিনির্ধারকদের যুক্তি কি না- তা জানতে চেয়ে জয় লিখেছেন, “তাদের কোন লজ্জা নাই, নাই কোন চরিত্র বা নীতি। এটি মানবতাহীন বা নৈতিকতাবিহীন মানুষের একটি দল।”
১৫ অগাস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করলে কেন নীরব থাকতে হবে- এই প্রশ্নও করেছেন বঙ্গবন্ধুর বড় নাতি।
জয় লিখেছেন, “কেন আমাদের নির্লিপ্ত থাকতে হবে যখন তারা জাতির জনক এবং অবশ্যই পুরো জাতিকে তাদের জাতীয় শোক দিবসে অপমান করবে? কেন আমার পরিবার এবং আমাকে এই ধরনের পৌনঃপুনিক অপমান বছরের পর বছর সহ্য করতে হবে? আর কী করলে আমরা প্রতিক্রিয়া দেখাতে পারবো?”
সাবেক প্রধানমন্ত্রীর এই জন্মদিন পালনের ঘটনায় আওয়ামী লীগের প্রতিক্রিয়া দেখানো উচিত বলেও মনে করেন সজীব ওয়াজেদ।
“যদি তারা আওয়ামী লীগের বক্তব্যের কারণে এই জঘন্য জিনিসটি করতে বাধ্য হয়, তবে একইভাবে আমাদেরও তাদের প্রতি প্রতিক্রিয়া দেখাতে দেয়া উচিৎ,” বলেছেন তিনি।
