শিশু ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লার দেবিদ্বারে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন তিনি।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- দেবিদ্বারের নারায়ণপুর গ্রামের আবদুর রশিদ (৩৫) ও বশির আহমেদ (৩৭)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নিশাত সালাউদ্দিন জানান, ২০১০ সালের ১৬ জুন সকালে দেবিদ্বারের নারায়ণপুর গ্রামের তৃতীয় শ্রেণির এক ছাত্রী পাশের বাড়িতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর বিকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে তার মৃতদেহ পাওয়া যায়।
ওই ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িতরা অপপ্রচার চালায় যে, জিন মেয়েটিকে মেরে ফেলেছে। তারা মৃতদেহ দাফনের জন্য তাড়াহুড়া শুরু করলে গ্রাম পুলিশ রাজা মিয়া বিষয়টি দেবিদ্বার থানায় জানান।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়।
ঘটনার পর ওই গ্রামের আবদুর রশিদ ও বশির আহমেদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
নিশাত সালাউদ্দিন বলেন, আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ১৪ জন সাক্ষীর জবানবন্দি শুনে আদালত তাদের সর্বোচ্চ সাজার আদেশ দেয়।
রায়ের পর মেয়ের বাবা সাংবাদিকদের বলেন, “ফাঁসির রায় যেন দ্রুত কার্যকর হয়।”
