সাবেক বিচারকের রিটে ‘বিব্রত’ হাই কোর্ট
হাই কোর্টে অস্থায়ী বিচারক হিসাবে দুই বছর দায়িত্ব পালনকারী এবিএম আলতাফ হোসেনকে স্থায়ী নিয়োগ দিতে করা রিট আবেদনে বিব্রত হয়েছেন তার সাবেক সহকর্মী এক বিচারক।
ওই আবেদনটি বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চে শুনানির জন্য তোলা হলে এক পর্যায়ে বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, তাদের একজন এতে বিব্রতবোধ করেছেন।
তবে কোন বিচারক বিব্রত হয়েছেন-সেটা প্রকাশ করা হয়নি।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
আর আবেদনকারী এবিএম আলতাফের পক্ষে ছিলেন আইনজীবী মো. সালাউদ্দিন দোলন।
মুরাদ রেজা বলেন, “এখন রিট আবেদনটি প্রধান বিচারপতি কাছে যাবে। তিনিই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”
এই রিটে বাদী হিসাবে রয়েছেন আলতাফ নিজেই। এর আগে একই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইদ্রিসুর রহমান আরেকটি আবেদন করেছিলেন।
ইদ্রিসুর রহমান জানান, তার করা আবেদনটি হাই কোর্টের একটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দেয়া আছে। সেখানে রাষ্ট্রপক্ষ সময় নিয়েছে। এর মধ্যে আলতাফ হোসেন নিজেই বাদী হয়ে অন্য আবেদনটি করেছেন।
২০১২ সালের ১৪ জুন আলতাফসহ মোট ছয়জনকে অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ দেয়া হয়। দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর এই বিচারককে বাদ দিয়ে তার পাঁচ সতীর্থকে গত জুনে স্থায়ী করা হয়।
এর আগে ১৯৯৬-০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পাওয়াদের চারদলীয় জোট সরকরের সময় স্থায়ী নিয়োগ দেয়া দেয়নি।
ইদ্রিসুর রহমান ওই বিষয়ে আদালতে মামলা করলে রায়ে ১০ বিচারক হাই কোর্টে স্থায়ী হিসাবে নিয়োগ পান। তবে সে সময় তাদের জ্যেষ্ঠতা দেয়া হয়নি।
পরে তাদের সঙ্গে বাদ পড়া আরো একজন স্থায়ী হিসাবে নিয়োগ পান।
ওই সময়ে বাদ পড়াদের মধ্যে মো. মুনসুরুল হক চৌধুরী ও এএফএম মেজবাহ উদ্দিন বিচারক হিসাবে ফেরেননি। তারা এখন হাই কোর্ট ও আপিল বিভাগে আইনজীবী হিসাবে কাজ করছেন।
