২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামানের গোলায় ১৩ হত্যার বিচার হয়নি ৩৯ বছরেও

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনে মোহাম্মদপুরের শের-শাহ সুরী রোডে কামানের গোলায় ১৩ জনের নিহতের ঘটনার বিচার হয়নি ৩৯ বছরেও।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 11:40 AM

Updated : 22 Aug 2022, 06:53 PM

আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও মামলার বাদীকে সাক্ষ্য দিতে আদালতে  আনা যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা নিজেই এখন আরেক মামলার আসামি। 

এ মামলার বিচার  শেষ করা নিয়ে রাষ্ট্রপক্ষেরও খুব একটা তাগিদ নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছে মামলাটির অগ্রগতি জানতে চাইলে স্পষ্ট করে কিছুই জানাতে পারেননি তারা।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট রাতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণের সময়ে সেনা সদস্যরা কামানের গোলা ছুড়লে তা গিয়ে মোহাম্মদপুরের শের-শাহ সুরী রোডের কয়েকটি বাড়ির ওপর গিয়ে পড়ে। এতে নিহত হন নারী ও শিশুসহ ১৩ জন। 

ওই ঘটনায় নিহত রিজিয়া বেগমের স্বামী মোহাম্মদ আলী ১৯৯৬ সালের ২৯ নভেম্বরে মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

২০০১ সালের এপ্রিলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে অভিযোগপত্রও দেয়, যাতে বঙ্গবন্ধুর খুনী লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) খন্দকার আব্দুর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মুহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), মেজর (বরখাস্ত) শরিফুল হক ডালিম, মেজর (অবসরপ্রাপ্ত) এ এম রাশেদ চৌধুরীসহ ১৮ জনকে আসামি করা হয়।   

আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর ২০০৭ সনের ১৯ মার্চ আংশিক জবানবন্দি দেন মামলার বাদী মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতা মো. আলী। এরপর রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলেও বাদী তার অবশিষ্ট জবানবন্দি দিতে আর আদালতে আসেননি।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আদালত থেকে বার বার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়না জারি করার পরও বাদীকে আদালতে  হাজির করা সম্ভব হয়নি।

তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে জানা যায়, আদালত থেকে মো. আলীকে সমন পাঠানো হয় মোহাম্মদপুরের শের শাহ সুরী রোডের ঠিকানায় । কিন্তু তিনি থাকেন বসিলার উল্টো দিকে সাভার থানা এলাকাধীন শ্যামলাসী এলাকায়। সমন বা গ্রেপ্তারি পরোয়ানা পড়ে থাকে মোহাম্মদপুর থানায়, তা আর সাভারে পৌঁছায় না।

এ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তৎকালীন সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান। সাক্ষ্য দিতে তাকেও আদালতে আনা হচ্ছে না। তিনি ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি।

ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের আগের বিচারক এএইচএম হাবিবুর রহমান ভূইয়ার সময় তার উদ্যোগেই ১৪ জনের সাক্ষ্য নেয়া হয়। তিনি বদলি হওয়ার পর নতুন বিচারক মো.  রুহুল আমিনের সময়ে বেশ কয়েকটি তারিখ চলে গেলেও আর কেউ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে আসেননি। আগামী ২৩ সেপ্টেম্বর এ মামলার তারিখ রয়েছে।

সেদিন ভোর সাড়ে ৫টার দিকে ৯ নম্বর শের শাহ সুরী রোডের টিনশেড বস্তিতে পরপর তিনটি কামানের গোলা এসে পড়ে। বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা, মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় ওই বস্তি।

ওই ঘটনায় নিহত হন ১৩ জন। আহত ৩৪ জনের মধ্যে কয়েকজন পঙ্গু হয়ে যান সারা জীবনের জন্য।

নিহতরা হলেন- রিজিয়া বেগম, তার ছয় মাসের মেয়ে নাসিমা, হাবিবুর রহমান, আনোয়ারা বেগম (প্রথম), ময়ফুল বিবি, ছাবেরা বেগম, আনোয়ারা বেগম (দ্বিতীয়), আবদুল্লাহ, রফিজল, সাফিয়া খাতুন, সাহাব উদ্দিন আহম্মেদ, আমিন উদ্দিন আহম্মেদ ও কাশেদা বেগম।

Image
আব্দুর রব

আব্দুর রব

 
Image
মামলার বাদী মো. আলী

মামলার বাদী মো. আলী

সেদিনের ঘটনায় মারাত্মক আহত আব্দুর রব এখন মোহাম্মদপুরের নবযুগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ মামলায় তিনিও আদালতে সাক্ষ্য দিয়েছেন।

শের শাহ সুরী রোডে নিজের বাসায় বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঘটনার সময় তার বয়স ছিল ১২/১৩। গোলা বিস্ফোরণে থুতনি, উরু আর হাতে আঘাত পান তিনি। অন্য সবার মতো তাকেও সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

রবের স্ত্রী হাসিনা বেগমও সেই ঘটনার সাক্ষী। ওই সময় টিনশেড বস্তির পাশেই ছিল তাদের বাসা। নিহত রিজিয়া বেগম ও নাসিমা ছিল তাদের আত্মীয়।

“গোলায় দুজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ছোট্ট নাসিমার পা দুটো আলাদা হয়ে যায় শরীর থেকে। ওই দৃশ্য মনে পড়লে আমার এখনো ভয় লাগে।… কী দোষ ছিল নাসিমার? যারা তাকে হত্যা করল এতো বছরেও তাদের বিচার হলো না।”

রাষ্ট্রপক্ষ মামলার বাদী মো. আলীকে খুঁজে না পাওয়ার কথা বললেও মোহাম্মদপুরের এক বাসায় তার সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা হয়।

আলী বলেন, মামলা করার পর থেকে বিভিন্ন সময়ে তিনি নানাভাবে হুমকি পেয়ে আসছেন। এমনকি তিন বছর আগেও আদালতে না যাওয়ার জন্য তাকে টেলিফোনে হুমকি দেয়া হয়।

“আমি তো অবশিষ্ট সাক্ষ্য দিতে চাই। কিন্তু মামলার তারিখ কবে তা তো আমাকে কেউ জানায় না।”

এ মামলা এগিয়ে নিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অবহেলা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু বলেন, “সাক্ষীদের হুমকি দেয়া হলে তাদের পুলিশি নিরাপত্তা দিয়ে আদালতে নিয়ে আসা হবে।”

কিন্তু এ মামলার বাদী কে, পরবর্তী তারিখ কবে, কয়জন এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন বা কোন আদালতে মামলা চলছে- সেসব বিষয়ে কোসো তথ্যই নির্দিষ্ট করে বলতে পরেননি তিনি।

ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি সাইফুল ইসলাম হেলালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাদীর ফোন নম্বর ও ঠিকানা দেয়ার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অনুরোধ করেন।

মামলার অভিযোগপত্রে থাকা ১৮ আসমির মধ্যে বঙ্গবন্ধু হত্যা-মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) সুলতান শাহরিয়ার রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মুহিউদ্দিন আহমেদ, মেজর (অবসরপ্রাপ্ত) বজলুল হুদা ও মেজর (অব্যাহতিপ্রাপ্ত) এ কে এম মহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর করা হয় ২০১০ সালের ২৮ জানুয়ারি।

এই পাঁচজনসহ সাবেক তথ্যমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

এছাড়া পলাতক থাকা আসামিরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) খন্দকার আব্দুর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) শরিফুল হক ডালিম, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এফ এইচ এম বি নূর চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) আব্দুল আজিজ পাশা, লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) রাশেদ চৌধুরী, ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আব্দুল মাজেদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আহমদ শরিফুল হোসেন ওরফে শরিফুল ইসলাম, ক্যাপ্টেন (অব্যাহতিপ্রাপ্ত) মো. কিসমত হাশেম, ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) নাজমুল হোসেন আনসার, রিসালদার (অবসরপ্রাপ্ত) মোসলেম উদ্দিন ওরফে মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধা।