২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননা: বাংলামেইল সম্পাদককে তলব

আদালত অবমাননার অভিযোগে অনলাইন পোর্টাল বাংলা মেইল টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যা খান ও এক প্রতিবেদককে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 05:18 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।

গত ২৩ জুলাই ওই পোর্টালে ‘ঈদ অফার: টাকা দিলেই খালাস!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে একটি রিট আবেদন হওয়ার পর আদালত তলবের এই আদেশ দেয়।

আগামী ৭ সেপ্টেম্বর সাহাদাত উল্ল্যা খানকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। ওই প্রতিবেদনের প্রতিবেদককেও ওইদিন হাজির হতে হবে।

আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত।

তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও শাহবাগ থানার ওসিকে এর জবাব দিতে বলা হয়েছে।

বাংলা মেইলের ওই প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন বিচারপতির ‘নাম ভাঙিয়ে’ তথাকথিত কিছু দালাল সম্প্রতি সুপ্রিম কোর্টে লাখ লাখ টাকার ‘জামিন বাণিজ্য’ চালায়। এই দালালচক্রের সঙ্গে কিছু অ্যাডভোকেট ও ব্যারিস্টারও জড়িত বলে অভিযোগ করা হয় প্রতিবেদনে।

“ঈদের আগে বড় বড় মামলায় জামিন করিয়ে দেয়ার প্রলোভন দিয়ে আসামিদের কাছ থেকে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা। এ অবস্থায় গুঞ্জন উঠেছে, আদালত পাড়ায় জামিনের ঈদ অফার চলছে।”

এতে জড়িত আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজলের নাম উল্লেখ করা হয় প্রতিবেদেনে। মঙ্গলবার তিনিই এ রিট আবেদন করেন।

বুধবার ওই আবেদনের ওপর নিজেই শুনানি করেন কাজল। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকারও শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।

আল আমিন সরকার পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলা মেইলের ভারপ্রাপ্ত সম্পাদক ও রিপোর্টারকে আগামী ৭ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশনা দিয়েছে আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুলও দিয়েছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওইদিন এই অবকাশকালীন বেঞ্চ থাকবে না। তাই অবমাননার মামলা শুনানির এখতিয়ার সম্পন্ন নিয়মিত আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।

রুহুল কুদ্দুস বলেন, “ওই প্রতিবেদন করার আগে প্রতিবেদক আমার সঙ্গে কথা বলেছেন। রিপোর্টে বলা হয়েছে আমিন হুদার জামিন করাতে আমি টাকা নিয়েছি। কিন্তু আমি কখনোই আমিন হুদার আইনজীবী ছিলাম না। টাকা নেয়ার প্রশ্নই ওঠে না।

“এরপরও প্রতিবেদনে এমনভাবে আমার নাম উল্লেখ করা হয়েছে, যাতে মনে হয়, আমি এই কাজ করেছি। এ কারণে আমি ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ হয়ে প্রতিকার চেয়ে আদালতে আবেদন করেছি।”