সাগর- রুনি হত্যা: প্রতিবেদন পেছাল ২৭তম বার
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরো সময় পেয়েছেন তদন্ত কর্মকর্তা।
বুধবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্ধারিত দিনে নতুন দায়িত্ব পাওয়া তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী আদালতের কাছে আরো সময় চেয়ে আবেদন করেন।
তার বক্তব্য শুনে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ সেপ্টেম্বর নতুন তারিখ ঠিক করে দেন ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া।
মামলার নথিপত্র অনুযায়ী, চাঞ্চল্যকর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এ নিয়ে ২৭ বার পেছাল।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমৃকর্তা উপ-পরিদর্শক হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবেদন দাখিল করতে না পারলেও ওয়ারেছ আলী গত মঙ্গলবার আদালতে একটি অগ্রগতি প্রতিবেদন পাঠিয়েছেন। তাতে তিনি বলেছেন, তদন্তে কিছু অগ্রগতি হয়েছে ।”
ফাইল ছবি
হত্যারহস্যের কিনারা করতে না পারায় হাই কোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ই এপ্রিল মামলাটি পুলিশ থেকে র্যাবে স্থানান্তর করা হয়।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম মামলার তদন্ত শুরু করলেও তার হাত ঘুরে ডিবি পুলিশের পরিদর্শক রবিউল আলম, তারপর র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাফর উল্লাহ এবং তার হাত থেকে র্যাবের সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া মামলাটির দায়িত্ব পান।
র্যাব তদন্তের দায়িত্ব নেয়ার পর সন্দেহভাজন ১৬ জনের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠায়। এছাড়া আলামত হিসেবে জব্দকৃত ছুরি ও পোশাকের নমুনাও পাঠানো হয়। কিন্তু তাতেও খুনি সনাক্ত করা যায়নি।
তদন্ত কর্মকর্তা এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদনে বলেছেন, “কয়েকজন আসামির ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আলামত পাঠানো হয়েছে। পরীক্ষা নীরিক্ষা চলছে।”
হত্যাকাণ্ডের এক বছর আট মাস পর ঘটনায় ‘জড়িত’ আটজনকে চিহ্নিত করে সাতজনকে গ্রেপ্তারের কথা জানান তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এর মধ্যে পাঁচজনই আবার চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি।
