২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাটিয়ারিতে পাহাড় কাটায় ইটভাটাকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় একটি ইটভাটাকে ৭৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 08:14 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার সকালে ওই এলাকা পরিদর্শনের পর বিকালে নগরীর পরিবেশ অধিদপ্তর ভবনে শুনানি শেষে ওই জরিমানা ধার্য করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানটির নাম চিটাগাং ব্রিকস অ্যাণ্ড ক্লে ওয়াক্স লিমিটেড (ফকরি ব্রিকস)। এটি ফকরি গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

ইটভাটাটির মালিক হোসেন ফকরি ও আমীর ‍আলী ফকরি। ১৯৬৯ সালে ভাটাটি প্রতিষ্ঠা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিদর্শনে গিয়ে ইটভাটার পাশের পাহাড় অননুমোদিতভাবে কাটার প্রমাণ মিলেছে।

এরপর বিকালে পরিবেশ ভবনে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম ও প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে এ বিষয়ে শুনানি হয়।

সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ সালের ৭ ধারা অনুসারে পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় এবং জীব বৈচিত্র্য ধ্বংস করায় এ জরিমানা করা হয়েছে।

“মালিক ক্ষতিপূরণের সমান অঙ্কের চেক নিয়ে আসছেন বলে জানিয়েছেন। ক্ষতিপূরণ দিতে না পারলে ইটভাটার কর্মকর্তাদের থানায় সোপর্দ করা হবে।”