চট্টগ্রামে জামিনের পর ফের আটক হত্যা মামলার আসামি
পেট্রোলবোমায় লেগুনাচালক হত্যা মামলায় জামিনে ছাড়া পাওয়ার পর চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক টিংকু দাশকে আবার আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারসংলগ্ন লালদীঘির পাড় এলাকা থেকে টিংকুকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন।
তিনি বলেন, “মিতুল হত্যা মামলায় সকালে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পরই টিংকুকে আটক করা হয়।
গত ৫ জানুয়ারি ভোটের পরদিন নগরীর পলিটেকনিক এলাকায় দুর্বৃত্তরা একটি লেগুনাকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়লে দগ্ধ হন এর চালক মিতুল।
১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মিতুল মারা যান।
এ ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি টিংকু দাশ গত ৬ ফেব্রুয়ারি মুরাদপুর বন গবেষণা ইন্সটিটিউট এলাকা থেকে গ্রেপ্তার হন।
গ্রেপ্তারের দিন পাঁচলাইশ থানার তৎকালীন ওসি আবু জাফর মো. ওমর ফারুক জানিয়েছিলেন, টিংকুর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় পুলিশের ওপর হামলা ও বোমাবাজির ঘটনায় একটি মামলা আছে।
টিংকুর বিরুদ্ধে অন্য মামলাগুলোর বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক নেজাম উদ্দিন।
