২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিখোঁজ’ পোশাক শ্রমিককে পাওয়া গেল বন্ধুর বাসায়

গাজীপুরের কাশিমপুরে এক শ্রমিককে হত্যা করা হয়েছে দাবি করে কারখানায় ভাংচুর চালিয়েছিল সহকর্মীরা। তবে তাকে পাওয়া গেল বন্ধুর বাসায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 03:10 PM

Updated : 25 Apr 2022, 04:32 PM

জয়দেবপুর থানার এসআই মো. নাজমুল হুদা খান জানান, সোমবার রাত দেড়টার দিকে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় মেহেদী হাসান (২৪) নামে ওই নিখোঁজ শ্রমিককে পাওয়া যায়।

মেহেদী দু’দিন ধরে বন্ধুর বাসায়ই ছিলেন।

নয়াপাড়া এলাকার ‘মাল্টিফ্যাব লিমিটেড’ কারখানার কাটিং সেকশনের ‘থ্রিজারম্যান’ মেহেদী গত ৯ অগাস্ট বিকেল থেকে নিখোঁজ ছিলেন। তাকে হত্যা করা হয়েছে সন্দেহে ১১ অগাস্ট সোমবার সকালে কাজে এসেই কারখানায় ভাংচুর চালায় সহকর্মীরা।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে তারা। পরে লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরিস্থিতি অবনতির আশঙ্কায় বাধ্য হয়ে ওই দিন কারখানায় একদিনের ছুটি ঘোষণাও করে মালিকপক্ষ।   

পুলিশ কর্মকর্তা নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালেই জয়দেবপুর থানায় জিডি করে মেহেদীর পরিবার। পরে তাকে উদ্ধারে তার পরিবারের লোকজন নিয়ে অভিযান শুরু করে পুলিশ।

রাতে গাড়ি থেকে চান্দনা-চৌরাস্তায় নেমে কোনাবাড়ি লেগুনা স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছিলেন মেহেদী। এ সময় পুলিশের গাড়িতে থাকা তার স্বজনরা মেহেদীকে দেখতে পায়। পরে তাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

“মেহেদী পুলিশকে জানিয়েছেন, শনিবার কাজ শেষ করে সন্ধ্যায় পোড়াবাড়ির পাশে মাস্টারবাড়ি এলাকায় তার বন্ধু মানিকের বাসায় গিয়েছিলেন। সোমবার রাতে সেখান থেকে লেগুনায় ওঠে নিজ বাড়ি কোনাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন।”

তবে মেহেদীর স্ত্রী মিতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রাতে পুলিশের ওই অভিযানে তার পরিবারের কেউ ছিলেন না। তার স্বামীকে পাওয়া গেছে বলে তিনি শুনেছেন। তবে, পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।     

এ বিষয়ে জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার মাহফুজুর রহমান বলেন, “দুই দিন ধরে তার (মেহেদীর) বাড়ির লোকজন থানা ছাড়েনি, আর এখন এই কথা বলছে! এটা ঠিক না।”

পুরনো খবর:

সহকর্মী নিখোঁজ, কারখানায় শ্রমিকদের ভাংচুর