মৌসুমি দৌড়ঝাঁপ করি না: কাদের
সমস্যা নিজ চোখে দেখার জন্য সারাবছর রাস্তাঘাটে দৌড়ঝাঁপ করেন জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি মৌসুমি দৌড়ঝাঁপ করেন না।
মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমি কাজ দেখার জন্য রাস্তায় যাই, আমি হাঁটার জন্য রাস্তায় যাই না, আমি এক ঘণ্টা সকাল বেলা ওয়াক করি, আমি রাস্তায় যাই সমস্যাকে নিজের চোখে দেখার জন্য, এর ফলে অনেক জায়গায় অনেক উন্নতি হয়েছে।”
“আমি দৌড়ঝাঁপ করি না মৌসুমে, আমি দৌড়ঝাঁপ করি সারা বছর। সিইং ইজ বিলিভিং, দেখে বিশ্বাস করে কাজ করতে হবে।”
মন্ত্রী বলেন, “আমি এখন ঢাকার আশেপাশে বেশি যাই রাস্তা দখলমুক্ত করার জন্য, সেটা আস্তে আস্তে হবে, রাতারাতি দখলমুক্ত করতে পারবো না, আমাদের চেষ্টা করতে হবে ধৈর্য হারালে চলবে না।”
“আমার এতো সমালোচনা হয় আমি ধৈর্য হারাইনি, কারণ আমি জানি জনগণের মুখের ভাষা মনের ভাষা, জনগণ আমার কাজ, আমার কাজের স্টাইল পছন্দ করে, এটি আমি জোর গলায় বলতে পারি।”
“সমালোচনা হবে, সবাই আমার প্রশংসা করবে তা নয়, আমার ভুল হতে পারে, মন্ত্রী কি ভুল করে না?”
সমন্বয়ের অভাবে অনেক কাজ বিলম্বিত হয় মন্তব্য করে কাদের বলেন, “এবার ঈদের সময় এ বিষয়টি আমরা কমিয়ে এনেছি, অনেকে ভেবেছিলেন মহাদুর্ভোগ বা মহাযন্ত্রণা হবে, কিন্তু কিছুই হয়নি।”
রাতারাতি যানজট নিরসন সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন “রাস্তাতো বাড়াতে পারবো না, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি বড় বড় প্রজেক্ট শেষ হওয়া না পর্যন্ত যানজট নিরসনে দ্রুত কোন সমাধান নেই।”
“শুধু চালক নয়, অনেক সময় পথচারীরাও বেপরোয়া হয়ে যায়, বর্তমানে যানজটের মূল কারণ জনজট, চন্দ্রা, আশুলিয়ায় যানজটের চেয়ে জনজট বেশি।”
‘ভিআইপিরা’ সময় বাঁচানোর জন্য উল্টোপথে চলাচল করে মন্তব্য করে তিনি বলেন, “তাহলে যানজট তো হবেই।”
ভুয়া সংসদ সদস্য আর সাংবাদিকের যানবাহনের সমালোচনা করে মন্ত্রী বলেন, “দেখা যায় জাতীয় সংসদের স্টিকার লাগিয়ে অনেকে ভুয়া এমপি সাজে। অনেক ভুয়া এমপি, ভুয়া এমপির কোন শেষ নেই। ভুয়া এমপিরা জাতীয় সংসদের স্টিকার লাগিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করে, এদেরকে ট্রাফিক পুলিশ বলারও সাহস পায় না, আমার মনে হয় এগুলো চেক করা দরকার।”
“সাংবাদিকের স্টিকার লাগিয়ে অসংখ্য ভুয়া সাংবাদিক চলাচল করে এই শহরে, এগুলো কিন্তু সত্য, এগুলোকে এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই।”
জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশন (ইসসিএপি) ও এডিবি এর উদ্যোগে ‘ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অন সাসটেইনেবল অ্যান্ড ইনক্লুসিভ ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট’ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় যোগাযোগ খাতের সঙ্গে সম্পৃক্ত নীতি নির্ধারক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা অংশ নেন।
এ সময় আরো বক্তব্য রাখেন সড়ক বিভাগ সচিব এম.এ.এন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজ খান।
