৭ খুনের ঘটনায় গ্রেপ্তার ১৫ জনকে অব্যাহতি
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় গ্রেপ্তার ২০ জনকে ৫৪ ধারার মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তবে এই ২০ জনের পাঁচজনকে সাত খুনের মূল দুটি মামলায় গ্রেপ্তার দেখানোয় তারা আসামি হিসেবে থেকে যাচ্ছেন। বাকিদের বিষয়ে কোনো প্রমাণ না পাওয়ায় তারা অব্যাহতি পেলেন।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত খুনের ঘটনায় শুধু ৫৪ ধারায় গ্রেপ্তার ১৫ জনকে আদালত অব্যাহতি দিয়েছে।
আদালতের একটি সূত্র জানিয়েছে, সাত খুনের পর বিভিন্ন সময় ৫৪ ধারায় গ্রেপ্তারকৃত ওই ১৫ জনের বিরুদ্ধে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না পাওয়ায় তাদেরকে অব্যাহতি দেয়া হয়।
তারা হলেন- জুবায়ের, মশিউর, কামাল মোড়ল, টিপু ভুইয়া, মোমেনা আক্তার, লিটন ওরফে মেহেদী, মফিজুল হক মফিজ, সৌরভ, কাইয়ুম, নজরুল, কাজল, আশরাফুল, জামাল, ফৌরদোস ওরফে সম্রাট ও মিন্টু মিয়া।
এর আগে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিলে সামরিক বাহিনীর তিন কর্মকর্তাসহ পাঁচজনকে অব্যাহতি দিয়ে তাদেরকে হত্যা মামলায় অন্তর্ভুক্ত করা হয়।
তারা হলেন- র্যাবের সাবেক তিন কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা, মামলার প্রধান আসামি নূর হোসেনের বডিগার্ড মতুর্জা জামাল ওরফে চার্চিল ও আরিফুজ্জামান আরিফ।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবি চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে লাশ নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
এঘটনায় পর্যায়ক্রমে দুটি মামলায় করা হয়। এঘটনায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ বিভিন্ন সময় ৫৪ ধারায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
