২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতঙ্কে বুড়িগঙ্গায় লাফিয়ে নিখোঁজ যুবক

ডুবে যাওয়ার আতঙ্কে নৌকা থেকে লাফিয়ে পড়ে বুড়িগঙ্গা নদীতে এক যুবক নিখোঁজ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 05:38 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মুরাদ আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল ৯টার দিকে বুড়িগঙ্গার সদরঘাট এলাকায় এঘটনা ঘটে।

নিখোঁজ পাপ্পু (১৮)বরিশালের শিকারপুরের নুরুল ইসলামের ছেলে। পুরান ঢাকার গেণ্ডারিয়ায় বোনের বাসায় থেকে পড়াশুনা করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে এসআই মুরাদ বলেন, কেরানীগঞ্জ থেকে একটি নৌকায় করে ছয়/সাতজন সদরঘাটে যাচ্ছিলেন। ঘাটের চার নম্বর পন্টুন বরাবর নৌকাটি পৌঁছালে তাতে পানি ওঠে। এ সময় নৌকাটি ডুবে যাবে সন্দেহে সবাই নদীতে লাফিয়ে পড়েন।

কিছুক্ষণের মধ্যে নৌকার অন্য আরোহীরা তীরে উঠে এলেও পাপ্পু উঠতে পারেননি বলে তিনি জানান।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, তাদের ডুবুরি দল নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে কাজ তল্লাশি চালিয়ে যাচ্ছে।