কুড়িগ্রামে পাল্টাপাল্টি হামলায় ইউপি সদস্য নিহত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থকদের হামলা পাল্টা হামলায় এক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১১ জন।
রোববার গভীর রাতে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের বড়বেড় বাজার ও কীর্ত্তণখোলায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া (৪২) মোহনগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবদল সভাপতি।
ঢুষমারা থানার ওসি এসআই ফরিদ হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী খাতুন বাদী হয়ে সোমবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করছেন।
এই তিনজন হলেন- মোহনগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূর হোসেন (৫৫), আওয়ামী লীগ কর্মী ফরিস উদ্দিন (৩৫) ও আব্দুর রহিম (৫২)।
মামলার এজাহার বলা হয়, মোহনগঞ্জ ইউনিয়নের বড়বেড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। রোববার সন্ধ্যায় বড়বেড় বাজারে দুপক্ষের সালিশ বসে। এ সালিশ বৈঠকে ইউপি সদস্য তারা মিয়া উপস্থিত হলে প্রতিপক্ষরা তাকে অবরুদ্ধ করে।
ওসি জানান, এ খবর ছড়িয়ে পড়লে তারা মিয়ার সমর্থকরা সংগঠিত হয়ে হামলা চালিয়ে তাকে নিয়ে যায়। এ সময় সাত আওয়ামী লীগ সমর্থক আহত হন।
পরে রাত ১২টার দিকে তারা মিয়া কীর্ত্তণখোলা এলাকায় নিজের বাড়ির কাছে পৌঁছালে আওয়ামী লীগ সমর্থকরা সংগঠিত হয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তারাসহ অন্তত পাঁচজন আহত হয়।
আহতদের রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শিউলী খাতুন অভিযোগ করেন, নূর হোসেন ও সহিদুল মাস্টারের লোকজন নিয়ে পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করে।
রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, “হত্যাকাণ্ডের বিষয়টি দুঃখজনক। সংঘর্ষের বিষয়টি দলীয় নয়, তাদের ব্যক্তিগত।”
অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান বিষয়টি স্থানীয় কোন্দল দাবি করে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।”
