২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ট্রেন-বাস সংঘর্ষে বরযাত্রী হতাহতের ঘটনায় গঠিত দুই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। 

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 06:46 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

এ দুই কমিটির সংশ্লিষ্টরা জানান, শনিবার তারা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজার হাবিবুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এ কমিটির সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার মাহবুবুল হক বকশী, চিফ সিগন্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম ও চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আব্দুল মতিন চৌধুরী।

ঝিনাইদহ জেলা প্রশাসক গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন জাহান। সদস্য ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল ও সহকারী পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মো. জাহিদুল ইসলাম।

রেলওয়ের তদন্ত কমিটির প্রধান হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার জন্য বারোবাজার লেভেল ক্রসিং এর গেটম্যান আব্দুর রহমান ও দুর্ঘটনা কবলিত বাসের চালককে দায়ী করা হয়েছে। 

গেটম্যান লেভেল ক্রসিং এর গেট বন্ধ করেনি। আর বাসের চালক নিয়ম অনুযায়ী লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুদিক পর্যবেক্ষণ না করে ট্রেন লাইন পার হচ্ছিল।

প্রশাসনিক কমিটির তদন্ত প্রতিবেদন জমাদানের কথা জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম স্বীকার করলেও এর বিষয়বস্তু জানাতে অপারগতা প্রকাশ করেন। 

তিনি জানান, তদন্ত প্রতিবেদন ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, সেখান থেকে আসা নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

গত ১ অগাস্ট ভোরে কালীগঞ্জ উপজেলার সাঁকো গ্রাম থেকে বরযাত্রীবাহী বাস শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে যাচ্ছিল। বারোবজার লেভেল ক্রসিং পার হওয়ার সময় সৈয়দপুর থেকে খুলনাগামী আন্তনগর ট্রেন সীমান্ত এক্সপ্রেসের ধাক্কায় ১২ বরযাত্রী নিহত ও ৬০ জন আহত হন।  

দুর্ঘটনার দিনে গেটম্যান আব্দুর রহমান ও বারোবাজার স্টেশন মাস্টার আবু সানিয়াত তুর্কিকে সাময়িক বরখাস্ত করা হয়।