২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষজ্ঞদের দিয়ে ওষুধের মান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত

সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী যথাযথ মান নিশ্চিত করে ওষুধ তৈরি করা হচ্ছে কিনা, তা পরীক্ষা করতে ৩২টি ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবে একটি বিশেষজ্ঞ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 05:03 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তত্ত্বাবধানে এই বিশেষজ্ঞ দল কাজ করবে।

রোববার সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিশেষজ্ঞ দলকে চার মাস সময় দেয়া হয়েছে। তারা পরিদর্শন করে প্রতিবেদন দিলে সে অনুযায়ী সুপারিশ করা হবে।”

বিগত নবম জাতীয় সংসদে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বাংলাদেশে নিবন্ধিত ১৫১টি ওষুধ উৎপাদকারী প্রতিষ্ঠানের সার্বিক চিত্র তদন্ত করতে কমিটির সদস্য নাজমুল হাসানকে প্রধান করে এক সদস্যের উপ-কমিটি গঠন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল এই উপ-কমিটিকে সহায়তা করে।   

মান নিয়ন্ত্রণ না করায় ২৯টি প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করে উপ-কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী ওষুধ প্রশাসন অধিদপ্তর এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

এছাড়া ৩২টি প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে ওষুধ উৎপাদনের অনুমতি দেওয়ারও সুপারিশ করা হয়। ওই প্রতিষ্ঠানগুলোতে এবার পরিদর্শন কার্যক্রম চালাবে সংসদীয় কমিটি।

এ প্রসঙ্গে শেখ সেলিম বলেন, “যেহেতু গত সংসদ থেকে এই বিষয়টি নিয়ে কাজ চলছে, তাই আগের বিশেষজ্ঞ টিমকে নিয়েই কাজ করা হবে। এবার আর উপ-কমিটি করা হবে না। স্থায়ী কমিটি সরাসরি কাজের তত্ত্বাবধান করবে।”   

এর বাইরে আরো ১৭টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে বলেও জানান তিনি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ইবোলা ভাইরাসের বিষয়ে সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

শেখ সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জাহিদ মালেক, মজিবুর রহমান ফকির, আফম রুহুল হক, মো. আব্দুল ওদুদ, মো. ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, শরিফুল ইসলাম জিন্নাহ এবং সেলিনা বেগম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবম ফারুকও।