২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বিচারক সঙ্কটে থমকে আছে আলোচিত মামলা

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজের মতো শীর্ষ বিচারকের পদ খালি থাকায় দীর্ঘসূত্রতায় আটকে হত্যাসহ আলোচিত বিভিন্ন মামলার বিচার।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 04:19 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

এ দুটিসহ চট্টগ্রাম আদালতে মোট ১২ জন বিচারকের পদ খালি আছে বলে সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির নেতারা জানিয়েছেন।

তবে শীর্ষ দুই বিচারকের পদে নিয়োগ প্রক্রিয়াধীন। আর অন্য পদগুলোয় নিয়োগে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট আদালতের আইনজীবীরা জানিয়েছেন।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অধীনে ফৌজদারি, দেওয়ানি ও বিচারিক হাকিম মিলিয়ে মোট ৫১টি আদালত আছে।  

গত ১১ জুন অবসরে যান চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এফ এম মোস্তফা। এরপর থেকে প্রায় দুই মাস পদটি শূন্য।

জেলা ও দায়রা জজসহ এ আদালতের অধীনে আটজন বিচারকের পদ খালি আছে।

এর অধীন অর্থঋণ আদালতের বিচারকের পদ নয় মাস শূন্য থাকার পর গত সপ্তাহে নতুন বিচারক নিয়োগ দেয়া হয়।

চট্টগ্রাম জেলা ‍আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভুজপুর তাণ্ডব, বাঁশখালী ১১ হত্যা মামলা, সাতকানিয়া-সীতাকুণ্ডসহ কয়েকটি উপজেলায় নির্বাচন পূর্ববর্তী সহিংসতার মামলা এসব আদালতে বিচারাধীন।”

বিচারক না থাকায় বিচার প্রার্থীদের ভোগান্তি ও মামলায় দীর্ঘসূত্রতা সৃষ্টির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, “ভোগান্তি কমাতে ভারপ্রাপ্ত জেলা দায়রা জজের ক্ষমতা বাড়িয়ে আইন মন্ত্রণালয় থেকে লিখিত নির্দেশনা দেয়া হয়েছে।”

তিনি জানান, জেলা ও দায়রা জজ আদালতের অধীন আদালতগুলোয় মোট ১ লাখ ৩০ হাজার মামলা বিচারাধীন। নিয়মিত বিচারক না থাকায় ভারপ্রাপ্তরা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

“নিম্ন আদালত থেকে বিচারের জন্য প্রস্তুত হয়ে আসা বেশ কিছু মামলা ও আপিল কার্যক্রম থমকে আছে। আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। জেলা ও মহানগর দায়রা জজ আদালতে বিচারক নিয়োগ প্রধান বিচারপতির অনুমোদনের অপেক্ষায় আছে,” বলেন পিপি আবুল হাশেম।  

গত ১০ জুলাই অবসরে যান আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় দেয়া চট্টগ্রাম মহানগর দায়রা জজ  ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান।

মহানগর দায়রা জজ আদালতের অধীন ২২টি আদালতের মধ্যে এটিসহ মোট চারটি বিচারক পদ শূন্য।

এই আদালতে হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে করা একাধিক মামলা, কয়েকটি আলোচিত হত্যা মামলা, দুদকের বেশ কয়েকটি ‍মামলা ও চেক জালিয়াতির অভিযোগে নগরীর শীর্ষ ব্যবসায়ীদের বিরুদ্ধে করা মামলা বিভিন্ন পর্যায়ে বিচারাধীন।

বিচারক না থাকায় অভিযোগ গঠনের পর মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় করা এসিড মামলার সাক্ষ্যগ্রহণ শুরু করা সম্ভব হচ্ছে না।

মামলাটিতে গত ১৫ জুলাই ও ৫ অগাস্ট নির্ধারিত দিনে সাক্ষ্যগ্রহণ হয়নি। ভারপ্রাপ্ত বিচারক আগামী ৮ সেপ্টেম্বর ‍মামলাটির পরবর্তী শুনানির দিন রেখেছেন।

একই কারণে গত ৪ অগাস্ট ধার্য দিনে নগরীর খতিবের হাটে মা ও দুই সন্তান হত্যা এবং আগ্রাবাদে মা-মেয়ে হত্যা মামলার শুনানিও হয়নি।

মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বলেন, “২২টি আদালতে মোট ৩০ হাজার মামলা বিচারাধীন। সঙ্গে নতুন মামলাও যোগ হচ্ছে।

“বিমান বন্দরে স্বর্ণ চোরাচালান মামলা ও পুলিশ হত্যা মামলা বিচারের জন্য প্রস্তুত হলেও বিচারক না থাকায় শুরু করা যাচ্ছে না।”

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, “জেলা ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক আগামী সপ্তাহে নিয়োগ করার সম্ভবনা রয়েছে।

“আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি প্রধান বিচারপতির কাছে প্রস্তাবনা পাঠিয়েছেন। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কমিটি তা যাচাই শেষে অনুমোদন করবেন। এই অনুমোদন মন্ত্রণালয়ে এলেই মন্ত্রী নিয়োগ দেবেন।”

প্রধান বিচারপতির নেতৃত্বে ওই কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসতে পারে জানান তিনি।

বাকি শূন্য পদগুলোয় মন্ত্রী দ্রুত পদায়নের আশ্বাস দিয়েছেন, বলেন আব্দুর রশিদ।

পুরনো খবর:

বিচারক নেই, তাই হয়নি দুই হত্যাকাণ্ডের শুনানি