গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
সাভারের লালটেক এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।
রোববার সকালে মরিয়ম বেগমের (৩৫) লাশ উদ্ধার করা হয়। মরিয়মের বাড়ী ফরিদপুর সদর উপজেলায়। লালটেক এলাকায় স্বামী আমজাদ হোসেনের সঙ্গে থাকতেন তিনি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে রাতে মরিয়ম ওড়না দিয়ে ঘরের ভেতর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তবে, প্রতিবেশী ভাড়াটিয়াদের অভিযোগ মরিয়মের স্বামী তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে।
এ অভিযোগের ভিত্তিতে স্বামী আমজাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান এসআই।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলেও তিনি জানান।
