২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনের গাড়িচালক রিমান্ডে

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের গাড়ির চালক মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 01:15 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক চাঁদনী রূপম রোববার এই আদেশ দেন।

গোয়েন্দা পুলিশ এদিন মিজানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে। শুনানি শেষে বিচারক সাত দিনের হেফাজত মঞ্জুর করে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল জানান, শনিবার দুপুরে পটুয়াখালি সদরের নতুন বাজার এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করে র‌্যাব। রাতেই তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে।

অপহরণের পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়।

মামলার পর অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেও অপহৃতদের লাশ উদ্ধারের পর লোকচক্ষুর আড়ালে চলে যান নূর হোসেন। এরপর গত ১৪ জুন কলকাতার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ।

সাত খুনের মামলায় নূর হোসেনের বেশ কয়েকজন সহযোগীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে র‌্যাবের তিন কর্মকর্তাও গ্রেপ্তার রয়েছেন।