২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের কড়াকড়িতে সফল হয়নি শ্রমিক ধর্মঘট

পুলিশের কড়াকড়ির কারণে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ডাকা ধর্মঘটে গাজীপুরের পোশাক কারখানাগুলোর শ্রমিকরা অংশ নিতে পারেনি বলে দাবি করেছেন সংগঠনের সমন্বয়ক মোশরেফা মিশু।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 10:05 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন কারখানার শ্রমিকরা ধর্মঘটে যোগ দিতে চাইলে পুলিশের বাধার মুখে তারা অংশ নিতে পারেনি। ”

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের  সহকারী পুলিশ সুপার মো.মোশারফ হোসেন জানান, গাজীপুরে দেড় হাজারের মতো পোশাক  কারখানা রয়েছে। শনিবার কোনো কারখানায় ধর্মঘট কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার  খবর পাওয়া  যাযনি। 

“কারখানার শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ওই ধর্মঘট প্রত্যাহার করেছে।  বিক্ষোভ কিংবা কাজ ফেলে রেখে শ্রমিকরা কারখানার বাইরে বের হয়নি।”

মোশারফ জানান,  শ্রমিক ধর্মঘটের নামে শনিবার যাতে কোননো কারখানায় গোলযোগ না  হয়, কাজ বন্ধ না থাকে সে জন্য জন্য আগের দিন শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর, চন্দ্রা ও জিরানী এলাকায় দায়িত্বরত শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, বোর্ড বাজার এলাকায় দায়িত্বরত শিল্প পুলিশের পরিদর্শক মো. সেলিম রেজা খাঁন ও কোনাবাড়ি-কাশিমপুর এলাকায় দায়িত্বরত শিল্প পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, কোথাও কোনো সমস্যা নেই।  শান্তিপূর্ণভাবে সকল কারখানায় কাজ হয়েছে।

গাজীপুর মহানগরীর নাওজোর এলাকার  দিগন্ত সোয়েটার কারখানার অপারেটর  কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কাজ চাই, হরতাল ধর্মঘট চাই না। হরতাল-ধর্মঘট হলে আমাদের ক্ষতি, দেশের ক্ষতি। আমরা আমাদের ভাল চাই, স্বচ্ছন্দে বেঁচে থাকতে চাই।”