মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া সদরে একটি মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার সকালে ওই যুবককে মৃত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ফেলে রাখা হয় বলে অভিযোগ পরিবারের।
নিহত আতিকুল ইসলাম শাকিল (৩০) শহরের কান্দিপাড়া এলাকার মো. বাহার মিয়ার ছেলে।
এ ঘটনার পর শহরের পীরবাড়ি এলাকার প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রে লোকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আবদুর রব।
শাকিলের ছোটভাই ও দৈনিক প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন বলেন, গত ২ অগাস্ট রাতে পরিবারের সদস্যরা শাকিলকে প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। সকালে সদর হাসপাতাল কর্তৃপক্ষ শাকিলের মৃত্যুর খবর জানান।
তিনি অভিযোগ করেন, শাকিলকে নির্যাতন করে হত্যার পর মৃতদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় মাদক নিরাময় কেন্দ্রটির মালিক এমনুন, রুবেল ও পাপ্পু।
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চয়ন রায় বলেন, শাকিলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ওসি আবদুর রব বলেন, পুলিশ নিরাময় কেন্দ্রে গিয়ে কাউকে পায়নি। রোগীদের সরিয়ে তারা কেন্দ্রে তালা দিয়ে পালিয়ে গেছে।
ময়নাতদন্তের জন্যে শাকিলের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
