বিশ্ব বিবেক চুপ কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর
গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এ বিষয়ে ‘চুপ থাকায়’ পশ্চিমা সরকার ও দেশের মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “প্যালেস্টাইনে ইসরায়েলি আক্রমণে যেভাবে শিশুদের হত্যা করা হচ্ছে- তীব্র ঘৃণা জানাই, নিন্দা জানাই। অবাক হয়ে যাই বিশ্ব বিবেক কীভাবে চুপ করে থাকে।”
গত চার সপ্তাহ ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক হাজার ৯শ’র বেশি মানুষ নিহত হয়েছেন।
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতির জন্য আলোচনার উদ্যোগ নিলেও তেল আবিবকে থামাতে তাদের কঠোর কোনো ভূমিকা নিতে দেখা যায়নি।
শেখ হাসিনা বলেন, “এখানে একটা মৃত্যুর ঘটনা ঘটলে কতো কংগ্রেসম্যানের চিঠি পাই। কতো প্রতিবাদ পাই, কতো কিছু।… আর, আজকে শত শত শিশুদের গুলি করে মারা হচ্ছে, নারীদের মারা হচ্ছে, অন্তঃস্বত্ত্বা মহিলাদের মারা হচ্ছে। এখন এদের বিবেক নাড়া দেয় না কেন?”
প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, “এই যে সভ্য দুনিয়া নিজেদের সভ্য বলে মনে করে, তারা কেন এখন চুপচাপ?”
এ বিষয়ে দেশের মানবাধিকার সংগঠনগুলোরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের দেশে কতো মানবাধিকার সংস্থা, কত কিছু… একটু কিছু ঘটনা ঘটলে ছুটে যাচ্ছে। কেউ পার্বত্য চট্টগ্রামে ছুটে যাচ্ছে। কেউ চর এলাকায় ছুটে যাচ্ছে। কেউ এখানে যাচ্ছে। কেউ ওখানে যাচ্ছে। কই, তাদের কণ্ঠ একেবারে নীরব কেন?”
অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের নারী সংগঠনগুলোকে এর প্রতিবাদ জানাতে বলেন তিনি।
মুক্তিযুদ্ধ চলাকালে নয় মাস পাকিস্তানী সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের হাতে বাংলাদেশের নারী ও শিশু হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “মনে রাখবেন, একটা ঘটনা অন্য কোথাও ঘটলে আমরাও যে রেহাই পাব- তা নয়। আমরা কিন্তু রেহাই পাইনি। আমাদের একাত্তরের অভিজ্ঞতা রয়েছে।”
আওয়ামী লীগের নারী সংগঠনগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, “যেখানেই এ ধরনের নির্যাতন চলবে, সেখানেই বাংলার মায়েরা মেয়েরা প্রতিবাদ করবে- এটা আমি চাই।”
“একাত্তর সালে আমাদের বাংলাদেশে তো এভাবে নারীদের নির্যাতন করা হয়েছে, শিশুদের হত্যা করা হয়েছে। এতো যুগ পরে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই আলোচনা সভার আয়োজন করে।
