২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাস-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 08:44 AM

Updated : 13 Oct 2022, 12:25 PM

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার শুক্লার হাট বাজারের হাতিলোটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকির হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী ইসরাত পরিবহনের বাসটির সঙ্গে ঢাকামুখী কভার্ড ভ্যানটির মুখোমুখী সংঘর্ষ হলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন বলে জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- বাসচালক আবুল কাশেম (২৮), ট্রাকচালক ওবাইদুল হক প্রামানিক (৩০), বাসযাত্রী চট্টগ্রামের এনায়েতবাজারের জরিনা বেগম (৫২) ও পিরোজপুরের নাজমুল হাসান (২৪)।

নিহত বাসচালক কাশেমের বাড়ি নোয়াখালীর মাইজদীতে। আর ট্রাকচালক ওবাইদুলের বাড়ি বগুড়ার দুপচাচিয়ায়।

প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পর দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়া হলে মহাসড়কে আবার যান চলাচল শুরু হয় বলে কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহিম জানান।