জজ ফারুকের নিষ্পত্তি করা মামলার নথি জব্দ
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ঢাকার জননিরাপত্তা আদালতে গিয়ে বিশেষ জেলা ও দায়রা জজ ফারুক আহাম্মেদের নিষ্পত্তি করা সব মামলার নথিপত্র জব্দ করেছেন।
ওই আদালতের সাঁটলিপিকার মো. মনিরুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান বিচারপতি স্যার আমাদের এজলাসে আসেন দুপুর ১২টায় এবং এজলাস ত্যাগ করেন ৩টা ৫০ মিনিটে।
“এই সময়ের মধ্যে তিনি এ আদালতের বিচারক ফারুক স্যারের নিষ্পত্তি করা মামলার নথিপত্র দেখাতে বলেন। আমরা নথিপত্র বের করে দিই। এর মধ্যে থেকে তিনি ২৮টি মামলার নথি ফটোকপি করানোর নির্দেশ দেন। তিনি নথিপত্রগুলো জব্দ করে নিয়ে যান।”
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পরিদর্শনের সময় এই আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আনোয়ার শাহাদাত শাওন উপস্থিত ছিলেন না।
পিপি শাওন অধিকাংশ মামলায় জব্দ তালিকার সাক্ষী ও নিরপেক্ষ সাধারণ সাক্ষীদের আদালতে হাজির করেননি বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
এসব প্রতিবেদনে বলা হয়, সব সাক্ষীর জবানবন্দি রেকর্ড, আসামির পরীক্ষা ও যুক্তিতর্কের শুনানির বিষয়ে কোনো বিরোধিতা করেননি সরকার পক্ষের এই আইনজীবী।
বৃহস্পতিবার যুগান্তরে ‘মামলা খালাসের রেকর্ড’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, তড়িঘড়ি করে ঢাকার জননিরাপত্তা আদালতের বিশেষ জেলা ও দায়রা জজ ফারুক আহম্মেদ অবসরের আগের ১৮ কার্যদিবসে ২৪ মামলার রায় দেন। এসব মামলার আসামিদের তিনি বেকসুর খালাস দিয়েছেন।
এছাড়া তিনি একদিনে ১০ মামলার সব সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও আসামি পরীক্ষা এবং যুক্তিতর্ক শেষ করেন। শুনানি শেষে চার থেকে ১০ দিনের ব্যবধানে ২০টি মামলা নিষ্পত্তি করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
“সাক্ষীর জবানবন্দি গ্রহণের আগেই আসামির পরীক্ষা করেছেন বিচারক ফারুক আহম্মেদ, যা ফৌজদারি কার্যবিধির পরিপন্থি। আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন অথচ তার স্বাক্ষর নেই। এমনকি আসামির নাম নেই, অথচ আসামি পরীক্ষার কাগজে তার স্বাক্ষর রয়েছে।”
গত ২৬ জুন অবসরে গেছেন বিচারক ফারুক আহম্মেদ।
তার নিষ্পত্তি করা মামলাগুলোর নথিপত্র ঘেঁটে দেখা যায়, মামলা খালাসের পাশাপাশি তিনি গত জুন মাসে মাদক মামলার ৪৫ জন আসামিকে জামিন দিয়েছেন। আর ছয় মাসে খালাস দিয়েছেন ৭৭ মামলার আসামিদের।
এছাড়া জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ১০১ জন আসামির জামিন দিয়েছেন এই বিচারক। ২০১৩ সালে ৭৯ মামলা নিষ্পত্তি করেছেন তিনি। এর মধ্যে ৬০ মামলার আসামিকে খালাস ও ১৯ মামলার আসামিদের সাজা দেন।
এ বিষয়ে ঢাকার আদালতের আইনজীবী আমিনুল গণী টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফৌজদারি মামলার উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে, কোনো বিচারক অবসরে যাওয়ার তিন মাস আগ থেকে শেষ কর্মদিবস পর্যন্ত এমন কোনো মামলার রায় দেবেন না, যা নিয়ে বিতর্ক হয়।”
