খলিলের চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
প্রবীণ অভিনেতা খলিলুল্লাহ খান খলিলের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর বৃহস্পতিবার প্রবীণ এ অভিনেতার হাতে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার চেক পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেক হাতে পেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা খলিল আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর আগে প্রধানমন্ত্রী তাকে আজীবন চিকিৎসা সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর সহায়তা পাওয়ার পর অভিনেতা খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জন্য প্রধানমন্ত্রী যে উদারতা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ। তার ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনারা প্রধানমন্ত্রী ও আমার জন্য দোয়া করবেন।”
অনেকদিন ধরেই ফুসফুস, লিভার ও কিডনির সমস্যায় ভুগছেন খলিল।
টিভি নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করা খলিল ১৯৫৯ সালে জহির রায়হান পরিচালিত ‘সোনার কাজল’ সিনেমার মাধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন। এরপর প্রায় ৮০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
‘প্রীত না জানে রীত’; ‘সংগম’; ‘ভাওয়াল সন্ন্যাসী’; ‘ক্যায়সে কঁহু’; ‘জংলি ফুল’; ‘আগুন’; ‘পাগলা রাজা’; ‘মিন্টু আমার নাম’; ‘ওয়াদা’; ‘বিনি সুতার মালা’; ‘বউ কথা কও’; ‘কাজল’সহ তার অভিনীত বহু চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পায়।
১৯৬৬ সালে এস এম পারভেজ পরিচালিত ‘বেগানা’ সিনেমায় প্রথমবারের মতো খলনায়কের চরিত্রে অভিনয় করেন তিনি।
১৯৬৫ সালে প্রথমবারের মতো পরিচালনা করেন ‘ভাওয়াল সন্ন্যাসী’। এছাড়া ‘সিপাহী’ ও ‘এই ঘর এই সংসার’ নামে চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি।
টেলিভিশন নাটকেও খলিল ছিলেন জনপ্রিয়। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে তৈরি ধারাবাহিক ‘সংশপ্তক’ নাটকে মিয়ার বেটা চরিত্রে অভিনয় করে দর্শক নন্দিত হন তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন খলিল।
