ভাঙনে হুমকির মুখে রাজশাহী শহর রক্ষা বাঁধ
রাজশাহীতে পদ্মার ভাঙনে হুমকির মুখে পড়েছে নগরীর পশ্চিমাঞ্চলের শহর রক্ষা বাঁধ।
ভাঙন প্রতিরোধে বুধবার থেকে জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ জানান, বুলনপুর, জিয়ানগর, বসরী, নবগংগা ও সোনাইকান্দি এলাকায় নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত দুই সপ্তাহ ধরে শহর রক্ষা বাঁধের ৫ নম্বর গ্রোয়েন থেকে ৩ নম্বর গ্রোয়েনের মাঝখানে প্রায় দুই কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
৮/১০ বছর পর এই এলাকায় ভাঙন দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, নবগংগা এলাকায় ভাঙন বাঁধের কাছে চলে এসেছে। বুধবার বাঁধ থেকে ৪০ মিটার দূরে অবস্থান করছে। ৪০ মিটার ভাঙার পর মূল মাটি, গাছ-পালা ও বাড়িঘরে গিয়ে ঠেকবে।
সেখানে ভাঙন প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করা হয়েছে বলে জানান তিনি।
নির্বাহী প্রকৌশলী আরো বলেন, প্রাথমিকভাবে ভাঙন প্রতিরোধে এক কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ হয়েছে। এ ছাড়াও আগামী শুষ্ক মৌসুমে ওই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রায় আড়াইশ’ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে।
এদিকে বুধবার বিকেলে রাজশাহী-২ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দীনসহ পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তারা ভাঙন কবলিত এলাকা ও ভাঙন প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কার্যক্রম পরির্দশন করেন।
