গাজায় হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার আয়োজিত এই মানববন্ধনে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ না করায় পশ্চিমা বিশ্বের সমালোচনা করেন।
“বাংলাদেশে কোনো মানবতাবিরোধী সন্ত্রাসী নিহত হলে পশ্চিমা বিশ্ব মানবতার কথা বলে। অথচ গাজায় মানবতা বিপর্যয়ে নিশ্চুপ ভূমিকা পালন করছে তারা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
গাজার হামলা নিয়ে মুসলিম বিশ্বের অন্যতম সংগঠন ওআইসি’র নীরব ভূমিকারও সমালোচনা করেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “মুক্তিযুদ্ধে গণহত্যার সময় পশ্চিমা বিশ্ব যেমন নিশ্চুপ ভূমিকা পালন করেছিল আজ গাজায় হামলাতেও তারা একই ভূমিকা পালন করছে।”
ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বলেন, “গাজার হামলায় শুধুমাত্র নিন্দা না জানিয়ে সবার উচিৎ সেখানে ক্ষয়-ক্ষতির পুণনির্মাণে ইসরায়েলকে আর্থিক সহায়তা দানে বাধ্য করা।”
ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক সুকমল বড়ুয়া, অধ্যাপক আখতার হোসাইন, অধ্যাপক অসীম কুমার সরকার, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মুহাম্মদ এবং দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী।
