‘গাদ্দারি করতেছি, কিন্তু উপায় নাই’
দুই মাসের বকেয়া পরিশোধের প্রথম দিন তোবা গ্রুপের শ্রমিকদের উপস্থিতি কম হলেও দ্বিতীয় দিনে দেড় হাজার শ্রমিকের একটি বড় অংশ বিজিএমইএ ভবনে এসে বেতন নিয়েছেন।
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তোবাকর্মীদের কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শুরু থেকেই হোসেন মার্কেটে অনশন চালিয়ে এলেও আর কোনো উপায় না থাকায় তারা বাধ্য হয়ে বেতন নিতে এসেছেন।
রাজধানীর কারওয়ানবাজারে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো বেতন দেয়া শুরু হয়। প্রথম ঘণ্টায় প্রায় ৫০ জন শ্রমিক বেতন নেন। বেলা ১১টা ৫০ পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায় ১৪৫ জনে।
এরপর দুপুরে হোসেন মার্কেটে অভিযান চালিয়ে পুলিশ আন্দোলনকারীদের পিটিয়ে বের করে দিলে বিজিএমই ভবনে ভিড় বেড়ে যায়। বিকাল পৌনে ৬টা পর্যন্ত কারখানার মোট ১ হাজার ৩১৫ জন কর্মী বেতন নেন বলে বিজিএমইএ কর্তৃপক্ষ জানায়।
এর আগে বুধবার রাত ১০টা পর্যন্ত মোট ৫৫০ জন শ্রমিক দুই মাসের বেতন বুঝে নেন।
শুরু থেকেই আন্দোলনের সঙ্গে থাকা বুকশান গার্মেন্টের অপারেটর আসিয়া বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে এসে বেতন নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সামনে বাচ্চাদের পরীক্ষা। অনেকের কাছে টাকা ধার চাইছি, কেউ দেয় নাই। আজকে আমরা যার জন্য টাকা পাচ্ছি, সেই মিশু আপার সঙ্গে গাদ্দারি করতেছি আমি জানি। কিন্তু তারপরও আমি টাকা নিতে আসছি আর কোনো উপায় নাই বলে।”
তোবা গ্রুপের 'তায়েব ডিজাইন' এর অপারেটর নাজমা বেগম বৃহস্পতিবার সকালে এসে দুই মাসের বেতন হিসেবে ১৩ হাজার টাকা নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার রাতেও তিনি হোসেন মার্কেটে অনশনস্থলে ছিলেন। কিন্তু সেখানে খাবার পানির ব্যবস্থা না থাকায় বুধবার সন্ধ্যা ৬টার দিকে বের হয়ে বাসায় চলে যান। এরপর সকালে আসেন বেতন নিতে।
তিন মাসের বেতন, ওভার টাইম ও ঈদ বোনাসের দাবিতে গত ২৮ জুলাই রাত থেকে বাড্ডার হোসেন মার্কেটের সাততলায় তোবা গ্রুপের একটি কারখানায় অনশন চালিয়ে আসছেন শ্রমিকরা।
হোসেন মার্কেটের ষষ্ঠ থেকে ১২ তলা পর্যন্ত তোবা গ্রুপের তিনটি কারখানা রয়েছে। এগুলো হলো- তোবা টেক্সটাইল, তায়েব ডিডাইন ও মিতা ডিজাইন। আর মার্কেট সংলগ্ন ফুজি টাওয়ারে রয়েছে তোবা ফ্যাশনস ও বুকশান গার্মেন্টস । এই পাঁচ কারখানায় কাজ করেন ষোলশ শ্রমিক।
সরকারের মধ্যস্থতায় বিজিএমইএ বুধবার দুই মাসের বেতন দেয়া শুরু করলেও তা প্রত্যাখ্যান করে পাঁচ দফা দাবিতে অনশন চালিয়ে যান অধিকাংশ আন্দোলনকারী।
ওভারটাইম ও ঈদ বোনাসসহ পুরো বেতন কারখানা ভবন থেকে একসঙ্গে দেয়াসহ পাঁচদফা দাবিতে অনশন অব্যাহত রাখার পাশাপাশি বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে শনিবার সারা দেশে সব গার্মেন্ট শিল্পাঞ্চলে ধর্মঘটেরও ডাক দিয়েছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি।
অন্যদিকে বেতন দেয়ার 'সুনির্দিষ্ট সময়' দেয়ার পরও আন্দোলন করাকে শ্রমিকদের নিয়ে বাম নেতাদের রাজনীতি বলে গণমাধ্যমে অভিযোগ করেন বিজিএমইএ নেতারা।
শ্রমিকদের বেতন নিতে আসতে উৎসাহ দিতে বুধবার হোসেন মার্কেটের বাইরে পুলিশের গাড়ি থেকে মাইকিং চালানো হয়। এছাড়া বুধবার দুপুরে কারখানায় ঢুকে তোবা শ্রমিকদের সঙ্গে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে ‘বহিরাগত’ আখ্যায়িত করে বের করে দেয় পুলিশ।
গত ৩ অগাস্ট বিজিএমইএ ভবনে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেয়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের বৃহস্পতিবার বেতন দেয়ার স্থানে সক্রিয় দেখা যায়, যাদের আন্দোলনকারীরা ‘দালাল’ আখ্যায়িত করে আসছে। তারা বাড্ডার অনশনস্থল থেকে জোর করে শ্রমিকদের বিজিএমইএ ভবনে নিয়ে আসছেন বলেও তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি অভিযোগ করেছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আন্দোলনের বাইরে থাকা সংগঠন শ্রমিক কোঅর্ডিনেশন পরিষদের সদস্য সচিব বদরুদ্দোজা মিজান বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছি, প্রথমে দুই মাসের বেতন দেয়ার পর ১০ তারিখের মধ্যে যাতে জুলাইয়ের বেতন পরিশোধ করা হয়। কিন্তু মিশুরা (সংগ্রাম কমিটির সমন্বয়ক মোশরেফা মিশু) শ্রমিকদের অবস্থার সুযোগ নিয়ে পোশাক খাতকে অস্থিতিশীল করতে চাইছে। শ্রমিকদের স্বার্থেই এই খাতকে স্থিতিশীল রাখা জরুরি। এ কারণে আমরা আন্দোলনে যাইনি।”
গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু গত ১১ দিন ধরেই হোসেন মার্কেটে তোবাকর্মীদের সঙ্গে অনশন চালিয়ে আসছেন। পুলিশ তাকে সেখান থেকে জোর করে বের করে দেয়ার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বুকশান গার্মেন্টের অপারেটর হাওয়া বৃহস্পতিবার সকালে বেতন নিতে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল পর্যন্ত আমিও কারখানায় ছিলাম। দুপুরে পুলিশ আসল। তারা কাউকে বের হতে দিচ্ছিল না। খাবার, পানিও নিতে দিচ্ছিল না। বিকালে কয়েকজন অসুস্থ হয়ে পড়ল। তখন ওদের সাথে আমিও বাইরে চলে আসি। আজ সকালে যখন আবার কারখানায় গেলাম- পুলিশ ঢুকতে দিল না। এখন কি করব.. তাই টাকা নিতে আসছি।”
