২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাণ্ডায় নষ্ট হয় ৯০ শতাংশ ধানের চারা

বাংলাদেশের উত্তরাঞ্চলে শুধু ঠাণ্ডাজনিত কারণে ৯০ শতাংশ ধানের চারা মারা যায় বলে বিজ্ঞানীরা জানান।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 10:08 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

বুধবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধান বিজ্ঞানীরা এ তথ্য প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ কারণে প্রায় দুই মিলিয়ন হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষতি থেকে রক্ষা পেতে ঠান্ডা সহিঞ্চু ধানের জিন উদ্ভাবনে ব্রি কাজ করছে।

এতে বক্তব্য রাখেন, ব্রির পরিচালক (প্রশাসন) ড. মো. শাহজহান কবীর, ব্রির খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর প্রযুক্তি (এফএমপিএইচটি) বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. দুররুল হুদা, কোরিয়ার কিয়ুংপুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হংগু হুয়াং, ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুর রহমান, ড. পার্থ সারথী বিশ্বাস, ড. একেএম সাইফুল ইসলাম প্রমুখ।

ড. পার্থ জানান, কোরিয়া শীত প্রধান দেশ। তাদের বেশিরভাগ ধানই শীত সহিঞ্চু জাতের। এক্ষেত্রে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এদেশে শীত সহিঞ্চু ধানের জিন তথা জাত উদ্ভাবন করতে ২০১২ সাল থেকে কোরিয়ার সঙ্গে এ প্রকল্প শুরু হয়েছে।

প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ইতোপূর্বে ব্রি শীত সহিঞ্চু দুইটি জাত উদ্ভাবন করলেও জেনেটিক্যালি শীত সহিঞ্চু কোনো জাত ব্রির নেই। জেনেটিক্যালি এ জাত উদ্ভাবন করতে আরো অন্তত দুবছর সময় লাগবে বলে জানান তিনি।

তিনি জানান, কোরিয়ার সঙ্গে এ ধরনের প্রকল্প এটাই প্রথম। শীত সহনশীল জাতের ধান উদ্ভাবনের জন্য তারা ব্রির বিজ্ঞানিদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তা, ল্যাব স্থাপন, ব্রিডিংয়ের রাসায়নিক ও যন্ত্রপাতি যোগান দেয়া ছাড়াও ৬২ ধরনের কৃষি যন্ত্রপাতি, ১২০টি ওয়ার্কশপ যন্ত্রপাতি সরবরাহ করছে। 

ড. হুয়াং জানান, ওই জাত উদ্ভাবনের লক্ষ্যে এরই মধ্যে প্রায় দুই হাজারের বেশি  জার্মপ্লাজম স্ক্রিনিং করা হয়েছে। প্রয়োজনীয় অন্যান্য কাজ দ্রুত এগুচ্ছে। রাইস মিল, হস্তচালিত বাহক যন্ত্র, সরাসরি বীজবপনযন্ত্র ও শস্য কাটার যন্ত্র উন্নয়নে কোরিয়ার সহযোগিতা অব্যাহত রয়েছে।