‘ভাই ও ভাতিজার’ হাতে খুন
জামালপুর সদরে জমি সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে সহোদর ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মোল্লাপাড়া গ্রামে নিহত নূর আলী শেখ (৫৫) ওই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় পুলিশ আব্দুর রাজ্জাক নামে এক যুবককে আটক করেছে।
জামালপুর সদর থানার এসআই শাহ নেওয়াজ জানান, নূর আলী শেখের সঙ্গে বড় ভাই শাহা আলী শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে মঙ্গলবার মধ্যরাতে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে।
এক পর্যায়ে শাহা আলী ও তার ছেলেদের ফালার আঘাতে গুরুতর আহত হন নূর আলী।
জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে এবং নিহতের ছেলে আকরাম বাদী হয়ে বুধবার জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান এসআই শাহ নেওয়াজ।
